জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হামদর্দের আলোচনা ও দোয়া মাহফিল


ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের প্রধান কার্যালয়ে বিশেষ আলোচনা সভা, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাজধানীর রূপায়ন ট্রেড সেন্টারে অবস্থিত হামদর্দের প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের চিফ মোতাওয়াল্লি ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো: ইউছুফ হারুন ভূঁইয়া। এ সময় প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ড. হাকীম মো: ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল দিন। জনতার সম্মিলিত অভ্যুত্থানের মধ্য দিয়ে তৎকালীন সেনাবাহিনীর মেজর জেনারেল জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হন। ফলে দেশ এক ভয়াবহ অনিশ্চয়তার হাত থেকে বেঁচে যায়, ভণ্ডুল হয় বিদেশী ষড়যন্ত্র। সূচনা হয় ঐক্য, সংহতি ও পুনর্মিলনের এক নতুন অভিযাত্রা। পরবর্তী সময়ে তিনি রাষ্ট্রীয় নেতৃত্বে অধিষ্ঠিত হন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এ দিনের ঘটনাপ্রবাহ ও তাৎপর্য বিশেষভাবে স্মরণীয়।
অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক। তিনি ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের গুরুত্ব এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এ দিনের প্রভাব নিয়ে আলোচনা করেন।
এ দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে হামদর্দ আধুনিক কারখানায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় বিশেষ আলোচনা সভা, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞপ্তি।

Advertisement