
বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি জনতার বিপ্লব বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। শেখ মুজিবের একদলীয় বাকশালী শাসন, দুর্নীতি, লুটপাট ও কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার বিরুদ্ধে সিপাহি, ছাত্র, শ্রমিক ও জনতার সম্মিলিত ভূমিকার মধ্য দিয়ে দেশে দেশপ্রেমিক রাজনৈতিক শক্তির উত্থানের নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছিল।
তিনি বলেন, মুক্তিযুদ্ধপরবর্তী সময়ে বাংলাদেশের ওপর ভারতীয় আধিপত্য বিস্তারের প্রচেষ্টা ছিল জাতীয় ইতিহাসের কলঙ্কজনক অধ্যায়। পানি, আগ্রাসন, সীমান্ত হত্যা, অর্থনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্য এবং বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাক্সক্ষার বিরুদ্ধে অবস্থান নেয়া ভারতের আগ্রাসী নীতিরই বহিঃপ্রকাশ।
ডা. ইরান আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিএনপির সাথে বর্তমান তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির আদর্শিক অবস্থানের পার্থক্য রয়েছে। ক্ষমতায় যাওয়া ও ক্ষমতা টিকিয়ে রাখার রাজনীতিতে ভারত তোষণনীতি বাংলাদেশের জাতীয় স্বার্থকে ক্ষতিগ্রস্ত করছে। তিনি গতকাল বাংলাদেশ লেবার পার্টি ঢাকা মহানগর আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন।ঢাকা মহানগর লেবার পার্টির আহ্বায়ক এসএম ইউসুফ আলীর সভাপতিত্বে এবং সদস্যসচিব মো: জাহিদুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জোহরা খাতুন জুঁই, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, বিশিষ্ট গবেষক সাদেক আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো: ফেরদাউস আলম, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনীন সরকার, ঢাকা মহানগর যুগ্ম-আহ্বায়ক আহমেদ হাসান হাফিজ প্রমুখ। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








