শিগগিরই ইউক্রেন-রাশিয়া চুক্তির আশা ট্রাম্পের

রয়টার্স

Advertisement

রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের দূতের সাথে বৃহস্পতিবার একান্তে বৈঠক করেছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আয়োজনে হোয়াইট হাউজের একটি অনুষ্ঠানে ইউক্রেনের প্রতিনিধিদের সাথে ওই রুশ কর্মকর্তা উপস্থিত হওয়ার পর এ বৈঠক হয়। 
পুতিনের দূত কিরিল দিমিত্রিয়েভের সাথে কী নিয়ে আলোচনা হয়েছে, তা প্রকাশ করেননি ট্রাম্প। তবে রাশিয়ার যুদ্ধ সমাধানে শিগগিরই একটি চুক্তি হতে পারে বলে তিনি পূর্বাভাস দেন। আবুধাবিতে ১০ ও ১১ নভেম্বর রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে আলোচনায় মধ্যস্থতা করবে একটি মার্কিন প্রতিনিধিদল।
হোয়াইট হাউজে সাংবাদিকদের ট্রাম্প বলেন, যুদ্ধ নিষ্পত্তির কাছাকাছি এবং তা শেষ করতে পুরো ইউরোপকেও জড়াতে হতে পারে। তার ভাষায়, এটি একটি বড় চুক্তি হবে, আর তাতে শুধু ইউক্রেন নয়, আরো অনেক কিছু থাকবে...এমনকি বলতে পারি, পুরো ইউরোপও জড়িত হতে পারে। এটি হবে এক বিশাল, সুন্দর চুক্তি, আর সবাই উচ্ছ্বসিত হবে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী এ সঙ্ঘাত শেষ করার চুক্তি কাছাকাছি, এমন কথা ট্রাম্প প্রায়ই বলেছেন। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোয় আলোচনা গতি পেয়েছে। বৃহস্পতিবার ইউক্রেনীয় প্রতিনিধিদলের সাথে তিনি দেখা করেননি বলেও জানান ট্রাম্প। ট্রাম্পের দূত জ্যারেড কুশনার বলেন, বৃহস্পতিবার ব্রাসেলসে বৈঠককারী মার্কিন কর্মকর্তারা ইউক্রেন, ন্যাটো ও ইউরোপীয় অংশীদারদের সাথে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা এবং ইউরোপের বৃহত্তর নিরাপত্তাকাঠামো নিয়ে ফলপ্রসূ ও বিষয়ভিত্তিক আলোচনা করেছেন।

 

Advertisement