রূপগঞ্জে গুলিভর্তি ২ পেনগানসহ যুবক গ্রেফতার
রূপগঞ্জ থানায় অস্ত্র ও গুলিসহ গ্রেফতার শাওন হোসেন সাব্বির। নয়া দিগন্ত
ads

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গুলিভর্তি দেশীয় তৈরি দুটি পেনগান ও তিন রাউন্ড গুলিসহ শাওন হোসেন সাব্বির (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এর আগে, শনিবার (২৮ নভেম্বর) দুপুরে গ্রেফতার শাওন হোসেন সাব্বিরকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার সাব্বির উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার শাহ আলম মিয়ার ছেলে।

অভিযান সূত্রে জানায়, চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় অবৈধ আগ্নেয়াস্ত্রের কারবার চলছে, এমন সংবাদের ভিত্তিতে এসআরবি-৩-এর মগবাজার সিপিসি-২ ও এসআরবি-৩-এর একটি দল যৌথভাবে সেখানে অভিযান চালায়। এ সময় ইসাক রহমান নামে এক ব্যক্তির ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে গুলিভর্তি পেনগান দুটি উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত পেনগান দুটি দেখতে হুবহু সাধারণ কলমের মতো ক্ষুদ্র ও ছদ্মবেশী আগ্নেয়াস্ত্র। তবে এর ভেতরে ক্ষুদ্র ফায়ারিং মেকানিজম রয়েছে, যা দিয়ে স্বল্প দূরত্বে গুলি ছোড়া সম্ভব।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন জানান, গ্রেফতার শাওন হোসেন সাব্বিরের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।