রাজধানীতে ৪০ মিনিটে দুই স্থানে ককটেল বিস্ফোরণ

 নিজস্ব প্রতিবেদক

Advertisement

মাত্র ৪০ মিনিটের ব্যবধানে রাজধানী ঢাকার দু’টি গুরুত্বপূর্ণ পয়েন্ট- প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেল এবং রাজারবাগ পুলিশ লাইন্সের ৩ নম্বর গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে ঘটে যাওয়া এই দু’টি ঘটনায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে আকস্মিক আতঙ্কের সৃষ্টি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলের এক নম্বর গেটের সামনের সড়কে প্রথম ককটেল বিস্ফোরণটি ঘটায় দুর্বৃত্তরা। বিস্ফোরণের খবর পেয়ে হাতিরঝিল থানার পুলিশের একাধিক দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। 
হাতিরঝিল থানার ওসি মো: আসাদুজ্জামান জানান, প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলের ১ নম্বর গেটের সামনে এই বিস্ফোরণ ঘটে, তবে ঘটনায় কেউ আহত হননি। ককটেল বিস্ফোরণকারীদের চিহ্নিত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। তবে এখনো কাউকে শনাক্ত করা যায়নি। বিষয়টি নিয়ে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি। 
অন্য দিকে রাত ১০টা ১০ মিনিটের দিকে রাজারবাগ পুলিশ লাইন্সের ৩ নম্বর গেটের সামনে দ্বিতীয় ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। ঘটনাস্থলে বিস্ফোরণ ঘটিয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। 
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, রাজারবাগ ৩ নম্বর গেটের সামনে বিস্ফোরণ ঘটলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল নিবিড়ভাবে পরিদর্শন করেছেন এবং আলামত সংগ্রহের পাশাপাশি জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের কাজ শুরু হয়েছে। তবে এখনো পর্যন্ত কাউকে চিহ্নিত করা যায়নি। কে বা কারা করেছে তাও জানা যায়নি। তবে বিষয়টি নিয়ে আমাদের তদন্ত চলছে।

 

Advertisement