ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম চালু করল বাংলালিংক

প্রযুক্তি ডেস্ক 
দৈনন্দিন আর্থিক লেনদেন আরও সহজ ও দ্রুত করতে ‘মুক্ত পে’ নামের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম চালু করেছে বাংলালিংক। নতুন প্ল্যাটফর্মটির মাধ্যমে টাকা পাঠানোর পাশাপাশি বিভিন্ন পরিষেবার বিল পরিশোধ এবং যেকোনো মোবাইল অপারেটরের নম্বরে রিচার্জ করা যাবে। উদ্বোধন উপলক্ষে প্রথম তিন মাস পর্যন্ত বাড়তি চার্জ ছাড়াই টাকা পাঠানো ও বিল পরিশোধ করা যাবে প্ল্যাটফর্মটিতে।
দৈনন্দিন লেনদেনে বাড়তি সময়, কষ্ট ও খরচ থেকে গ্রাহকদের মুক্তি দিতে মুক্ত প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। গুগল প্লে স্টোর ও আইওএস অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে। এরপর জাতীয় পরিচয়পত্র ও স্মার্টফোন নম্বর দিয়ে নিবন্ধন করে যেকোনো অপারেটরের গ্রাহকেরা এ অ্যাপে নিবন্ধন করতে পারবেন। আর বাংলালিংক গ্রাহকেরা ইন্টারনেট সংযোগবিহীন সাধারণ মুঠোফোন থেকে *৫২৫# ডায়াল করে এ সেবা নিতে পারবেন।
প্ল্যাটফর্মটি চালুর বিষয়ে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইওহান বুসে বলেন, ‘মুক্ত পের মাধ্যমে সংযোগ সেবার বাইরেও গ্রাহকদের দৈনন্দিন আর্থিক লেনদেনের সাথে যুক্ত হচ্ছে বাংলালিংক। স্মার্টফোন হোক বা সাধারণ মুঠোফোন, এ সেবার মাধ্যমে ব্যক্তি, মার্চেন্ট ও ব্যবসাপ্রতিষ্ঠান সহজেই ডিজিটাল অর্থনীতির অংশ হতে পারবেন। বিশেষ করে যেসব জনগোষ্ঠী ও ক্ষুদ্র ব্যবসায়ী এখনো ডিজিটাল আর্থিক সেবার আওতার বাইরে রয়েছেন, তাদের জন্য ডিজিটাল লেনদেন আরো সহজ ও সহজলভ্য করে তুলবে মুক্ত পে। বাংলাদেশে আরো বিস্তৃত ডিজিটাল আর্থিক সেবা চালুর ভিত্তি হিসেবে কাজ করবে এ প্ল্যাটফর্ম।’

Advertisement