
রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে মজারু অ্যাবাকাস স্পিডমাস্টার সিজন–৪-এর গ্র্যান্ড ফিনালে। অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম মজারু অ্যাডুকেশন টেকনোলজিস লিমিটেড আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১০০ জন শিশু-কিশোর অংশ নেয়। প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য মোট ২ লাখ ১০ হাজার টাকার নগদ পুরস্কার দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে এ গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। এতে অভিভাবক, অতিথি ও আয়োজকসহ প্রায় ৫০০ মানুষ উপস্থিত ছিলেন।
‘হয়ে ওঠো মানব ক্যালকুলেটর’ প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত এ প্রতিযোগিতায় শিশুদের দ্রুত ও নির্ভুল গণনার দক্ষতা, মনোযোগ এবং মানসিক সক্ষমতা যাচাই করা হয়। অংশগ্রহণকারী শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উদ্দীপনায় পুরো আয়োজন পরিণত হয় ক্ষুদে গণিতপ্রেমীদের মিলনমেলায়।
এবারের প্রতিযোগিতায় দুইজন গ্র্যান্ড চ্যাম্পিয়ন ও ১১ জন চ্যাম্পিয়ন নির্বাচিত হয়েছেন। গ্র্যান্ড চ্যাম্পিয়নদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি দেয়া হয়েছে। পাশাপাশি ১১ জন চ্যাম্পিয়ন প্রত্যেকে পেয়েছেন ১০ হাজার টাকা করে পুরস্কার।
সব মিলিয়ে বিজয়ীদের জন্য দেয়া হয়েছে ২ লাখ ১০ হাজার টাকার নগদ পুরস্কার। এছাড়া তাদের হাতে ক্রেস্ট, মেডেল ও সনদপত্র তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন অভিনেত্রী দিলারা জামান, পরিবেশকর্মী ও গণমাধ্যম ব্যক্তিত্ব মুকিদ মজুমদার বাবু এবং পুষ্টিবিদ ও রন্ধনশিল্পী কেকা ফেরদৌসি।
এছাড়া অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মজারুর চেয়ারম্যান কামাল উদ্দিন, ম্যানেজিং ডিরেক্টর ও সিইও আলাউদ্দিন ফারুকি প্রিন্স, প্রতিষ্ঠানটির উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো: আব্দুস সালাম, সাবেক অধ্যাপক ড. মো: জয়নুদ্দিন এবং প্যারেন্টিং কোচ ও মজারুর উপদেষ্টা আলী আদনানসহ প্রমুখ।
উল্লেখ্য, শিশুদের মেধা ও দক্ষতার বিকাশে কাজ করা মজারু একটি অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম। প্রযুক্তিনির্ভর ও আনন্দময় শিক্ষার মাধ্যমে শিশুদের সম্ভাবনা বিকাশে প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের কোর্স ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








