আজ ফের শুরু বিএফএল
ads

 ক্রীড়া প্রতিবেদক
প্রায় এক মাস বিরতি দিয়ে আজ পুনরায় শুরু হচ্ছে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল)। সাফের প্রস্তুতির জন্য ২৪ অক্টোবরের পর আর মাঠে গড়ায়নি এই লিগ। আজ চারটি ম্যাচ। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশের প্রতিপক্ষ ঢাকা আবাহনী। নিজ মাঠে মুখোমুখি বসুন্ধরা কিংস ও ফটিস এফসি। কিংস এরিনা এই দুই দলেরই হোম ভেনু। মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচ খেলবে রহমতগঞ্জ ও মোহামেডান। চাঁদপুর স্টেডিয়ামে ঢাকা ওয়ান্ডারার্সের ম্যাচ আরামবাগ ক্রীড়া সঙ্ঘের বিপক্ষে।
৫ খেলায় ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ পুলিশ। দ্বিতীয় স্থানে আছে মোহামেডান। ৪ ম্যাচের সব ক’টিতে জিতে ১২ পয়েন্ট জমা করেছে সাদাকালো শিবির। বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। তারা ৪টি খেলা শেষ করেছে। সিটি কাবেরও পয়েন্ট ১০। তারা অবশ্য ৫ ম্যাচ খেলেছে। ফর্টিস ও ঢাকা আবাহনীর পয়েন্ট ৭ করে। ৬ পয়েন্ট রহমতগঞ্জের। ৫ পয়েন্ট ব্রাদার্সের। পিডব্লিউডি, ইয়ংম্যান্স কাব ফকিরেরপুল ও আরামবাগের সংগ্রহ ৩ করে। 
তবে এখন পর্যন্ত পয়েন্ট শূন্য চট্টগ্রাম সিটি এফসি ও ঢাকা ওয়ান্ডারার্স। চট্টগ্রাম সিটি ৫ এবং ওয়ান্ডারার্স ৪ খেলা শেষ করেছে।
লিগে ভালো করতে না পারলেও এএফসি চ্যালেঞ্জ লিগে চমৎকার পারফরম্যান্স ফর্টিস এফসির। প্লে অফে তারা ঘরের মাঠে কিরগিজস্তানের মুরাস ইউনাইটেডকে হারিয়েছিল। আর বাছাইপর্ব শেষ করেছিল তাজিকিস্তানের রেগার টাডাজকে হারিয়ে।