হত্যামামলায় আটকের পর কারাগারে ইকবাল সোবহান চৌধুরী
হত্যামামলায় আটকের পর কারাগারে ইকবাল সোবহান চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

Advertisement

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে যাত্রাবাড়ী থানায় দায়ের করা জুলাই হত্যা মামলা গ্রেফতার দেখানো হয়েছে। ওই মামলার ৫৩ নম্বর আসামি ছিলেন ইকবাল সোবহান  চৌধুরী। আপর দিকে আটক ডিবি টেলিভিশনের ক্রাইম চিফ রাজীব ঘোষকে মুচলেকা দিয়ে ছেড়ে দিয়েছে ডিবি পুলিশ।
গত বুধবার রাতে রাজীব ঘোষকে ছেড়ে দিয়ে ইকবাল সোবহানকে গ্রেফতার দেখানো হয়। এরপর গতকাল তাকে কারাগারে আটক রাখার আবেদন করে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই মোহাম্মদ আমির হোসেন ইকবাল সোবহানকে কারাগারে আটক রাখার আবেদন করেন। 
মামলার বিবরণ অনুযায়ী, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকার বউবাজার রোডে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গোলাগুলিতে চোখে গুলি লাগে লর্ড হার্ডিঞ্জ ফাজিল মাদরাসার আলিম প্রথম বর্ষের ছাত্র আরিফের। চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরিফের বাবা ইউসুফ ২০২৪ সালের ২৫ আগস্ট শেখ হাসিনাসহ ২৩৩ জনের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা করেন। মামলায় ৫৩ নম্বর এজাহারনামীয় আসামি ইকবাল সোবহান চৌধুরী।
এর আগে গত বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে বেসরকারি টিভি ডিবিসি নিউজের কার্যালয় থেকে টেলিভিশন স্টেশনটির চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী ও ক্রাইম বিভাগের চিফ রাজীব ঘোষকে আটক করে ডিবি পুলিশ।