বাবা জাকির হোসেনের ভিক্ষার সঙ্গী স্কুলপড়ুয়া মেয়ে সুমাইয়া
বাবা জাকির হোসেনের ভিক্ষার সঙ্গী স্কুলপড়ুয়া মেয়ে সুমাইয়া। নয়া দিগন্ত
ads

৪৪ বছর বয়সী মো: জাকির হোসেন। চার বছর আগেও যার জীবন ছিল সুস্থ-স্বাভাবিক স্বাচ্ছন্দ্যময়। নিজের কৃষি কাজের আয় দিয়ে সুন্দরভাবেই চলছিল স্ত্রী, দুই মেয়ে ও দুই ছেলেকে নিয়ে তার সুখের সংসার।

তবে ভাগ্যের নির্মম পরিহাস। এখন সেই জাকির অক্ষম, কাজ করতে পারেন না। দু-মুঠো ভাতের জন্য বেছে নিতে হয়েছে ভিক্ষাবৃত্তি।

সামান্য কোমর ব্যথা থেকে তার ডান পা পর্যন্ত প্যারালাইজড হয়ে যায়। যার ফলে পঙ্গুত্ব বরণ করতে হয় তাকে। এ কারণে বাধ্য হয়ে গত ছয় মাস ধরে শুরু করেন ভিক্ষাবৃত্তি। তবুও প্রতিদিন নয়, কেবল মেজ মেয়ে সুমাইয়ার স্কুল যেদিন ছুটি থাকে, সেই দিনগুলোতে তাকে সাথে নিয়ে ভিক্ষার উদ্দেশ্যে বের হন জাকির।

জাকির হোসেন ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ডাইয়ারপাড় এলাকার মো: মোস্তফার ছেলে।

এদিকে যে বয়সে সহপাঠীদের সাথে হাসি-আনন্দে দিন কাটানোর কথা, সেই বয়সেই বাবার হাত ধরে পথে পথে ঘুরতে হচ্ছে স্কুলপড়ুয়া শিশু সুমাইয়াকে। সেটিও আবার শুধু দু-মুঠো ভাতের আশায়। কাঁধে বইয়ের ব্যাগের বদলে এই বয়সে কখনো বাবাকে হাঁটতে সাহায্য করতে হচ্ছে, আবার কখনো দাঁড়াতে হচ্ছে মানুষের দুয়ারে বাবার ভিক্ষার ঝুলি নিয়ে। বাবার অসহায়ত্ব আর সংসারের অভাব তাকে ঠেলে দিয়েছে এমন নিষ্ঠুর বাস্তবতার মুখে।

শিশু সুমাইয়া স্থানীয় সোনাপুর মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

জাকির হোসেন বলেন, চার বছর আগেও আমার সবকিছু ভালোই ছিল। নিজের আয়েই সংসার চলত। কিন্তু কোমরের এক ব্যথা থেকে আমার ডান পা পর্যন্ত প্যারালাইজড হয়ে গেছে। এর চিকিৎসা করাতে গিয়ে মানুষের সহযোগিতা আর নিজের জমানো টাকা মিলিয়ে প্রায় আড়াই লাখ টাকা খরচ করেছি। কিন্তু সুস্থ হতে পারিনি।

চিকিৎসক বলেছেন, নিয়মিত ওষুধ খেতে হবে। এ অসুস্থতায় আমি এখন পথের ভিখারি হয়ে গেছি। প্রতি মাসে ওষুধ কিনতে হয় সাড়ে তিন হাজার টাকার। সেই টাকাও ঠিকমতো জোগাড় করতে পারি না। এজন্য বাধ্য হয়ে ভিক্ষার পথ বেছে নিয়েছি।

তিনি বলেন, স্ত্রী, দুই মেয়ে ও দুই ছেলেকে নিয়ে এখন ভিক্ষার টাকায় কোনো রকমে সংসার চালাচ্ছি। আমার সম্পদ বলতে তিন শতাংশ জমির ওপর বসতভিটাটুকুই। অভাবের কারণে সন্তানদের ভবিষ্যৎ নিয়েও এখন চরম দুশ্চিন্তায় পড়েছি। আমি পঙ্গু হওয়ায় একটি ভাতা পাই। কিন্তু তা দিয়ে সংসার চলে না। উপার্জনের কোনো পথ না থাকায় বাধ্য হয়েই ভিক্ষা করতে হচ্ছে।

তিনি আরো বলেন, তবে সরকারি-বেসরকারি কোনো সংস্থা যদি আমাকে একটি মুদি দোকান করে দিতো, তাহলে সেটি পরিচালনা করে স্ত্রী-সন্তানদের নিয়ে সম্মানের সাথে বাঁচতে পারতাম। মেয়েটাকেও আর আমার ভিক্ষার সঙ্গী হতে হতো না।

বাবার ভিক্ষার সঙ্গী সুমাইয়া বলেন, বাবা প্রতিদিন ভিক্ষা করতে পারেন না। ভিক্ষা করতে না পারলে আমরা অনেক সময় অর্ধহারে বা অনাহারে থাকি। অসুস্থ শরীর তেমন সায় দেয় না। আমি ষষ্ঠ শ্রেণিতে পড়ি। আমার স্কুল যেদিন বন্ধ থাকে, সেদিন বাবাকে নিয়ে বের হই। আমার কাঁদে ভর দিয়ে বাবা হাঁটেন।

আমার ইচ্ছা ভালোভাবে পড়াশোনা করার। কিন্তু পরিবারের অভাব-অনটনের কারণে পড়ালেখাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাষ্ট্র, প্রশাসন ও সমাজের বিত্তবান ব্যক্তিরা আমাদের পরিবারকে সাহায্য করলে এই ভিক্ষার জীবন থেকে পরিত্রাণ পেতাম। মেয়ে হয়ে হয়ত বাবার সাথে রাস্তায়-রাস্তায় ঘুরে ভিক্ষা করা থেকে মুক্তি পেতাম।

এ বিষয়ে তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: বনি আমিন বলেন, ওই ব্যক্তি আমার সাথে দেখা করলে তার সাথে কথা বলে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের সর্বোচ্চ চেষ্টা করব।