
নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোটরসাইকেল মহড়া থেকে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল হামলা চালানো হয়েছে। এ ঘটনায় পুলিশের এক কনস্টেবল গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বিমানবন্দর সড়কে ককটেল নিক্ষেপের ঘটনাটি ঘটে।
ক্যান্টনমেন্ট থানা সূত্রে জানা গেছে, বনানীর দিক থেকে আসা ৭০ থেকে ৮০টি মোটরসাইকেলের একটি বহর ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে কুড়িল বিশ^রোডের দিকে যাচ্ছিল। বহরটি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে পৌঁছালে সেখানে দায়িত্বরত ক্যান্টনমেন্ট থানা-পুলিশের ‘গলফ ক্লাব-৮৩’ টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হলে টহল গাড়ির চালক কনস্টেবল মো: এনামুলের বাম চোখে আঘাত লাগে। দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। পরে চোখের পরিস্থিতির কারণে চিকিৎসকদের পরামর্শে আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়।
ক্যান্টনমেন্ট থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকেই এই ককটেল নিক্ষেপ করা হয়েছে। ঘটনার পরপরই পুলিশ ওই এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে এবং তাদের বিষয়ে বিস্তারিত তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। একই সাথে সড়কের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে হামলায় অংশ নেয়া মোটরসাইকেল আরোহীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
মিরপুরে ২০টি ককটেল ও ৪১টি মশাল উদ্ধার : এদিকে বৃহস্পতিবার রাতে রাজধানীর মিরপুরের পাইকপাড়া আনসার ক্যাম্প এলাকায় পরিচালিত পৃথক এক অভিযানে ককটেল ও নাশকতার সরঞ্জাম উদ্ধার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। ডিএমপির মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের বিকাবদার এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, পাইকপাড়া আনসার ক্যাম্পের সামনে রাস্তার ওপর ককটেলসদৃশ বস্তু ও মশাল লাঠি পড়ে থাকার গোপন সংবাদ পেয়ে মিরপুর মডেল থানার ওসির নেতৃত্বে একটি চৌকস টিম অভিযানে যায়। স্থানটি থেকে উদ্ধার করা হয়, তিনটি কাগজের ব্যাগ থেকে ১৫টি এবং রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অবস্থাতে পাঁচটিসহ মোট ২০টি তাজা ককটেল। দুই লিটার কেরোসিন তেল ভর্তি দু’টি বোতল, ৪১টি মশাল লাঠি এবং মশাল জ্বালানোর জন্য জড়ো করা নরম ককশিটের স্তূপ। উদ্ধারকৃত ২০টি ককটেল পরবর্তীতে কল্যাণপুরের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নির্মাণাধীন ভবন কম্পাউন্ডের খোলা মাঠে নিয়ে যাওয়া হয় এবং গর্ত খুঁড়ে দুই দফায় নিরাপদ বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়।
মিরপুর বিভাগের ডিসি হাসান মোহাম্মদ নাছের বিকাবদার জানান, ককটেল ও মশাল উদ্ধারের ঠিক কাছাকাছি সময়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আল মাহমুদ তারেককে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা, উদ্ধারকৃত ককটেল ও মশাল দিয়ে বড় ধরনের নাশকতার কোনো গভীর পরিকল্পনা আঁকা হয়েছিল।
জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ফের ককটেল বিস্ফোরণ : শেরেবাংলা নগরের জুলাই স্মৃতি জাদুঘরের সামনে বুধবার দিবাগত রাতে আবারো ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। রাত ১২টার দিকে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ কর্মকর্তা জানান, একটি রিকশায় চড়ে আসা কয়েকজন দুর্বৃত্ত জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল নিক্ষেপ করে দ্রুত স্থান ত্যাগ করে। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট গিয়ে দ্বিতীয় অবিস্ফোরিত ককটেলটি নিষ্ক্রিয় করেছিল। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এর আগেও গত ১৪ অক্টোবর এই জাদুঘরের ১ নম্বর গেটের সামনে একইভাবে দু’টি ককটেল ছোড়া হয়েছিল।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








