৩ জেলায় ৩ জন নিহত

নয়া দিগন্ত ডেস্ক
পৃথক সড়ক দুর্ঘটনায় গতকাল তিন জেলায় তিনজন নিহত ও দু’জন আহত হয়েছে।
মদন (নেত্রকোনা) সংবাদদাতা জানান, নেত্রকোনার মদনে সড়ক দুর্ঘটনায় আনোয়ারা বেগম (৭০) নামের এক নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে মদন-নেত্রকোনা সড়কের পৌরসভার সিলেট বাসস্ট্যান্ড সংলগ্ন ভূঁইয়া বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ারা বেগম উপজেলার জাওলা গ্রামের মৃত বুলবুল মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনোয়ারা বেগম অটোরিকশা করে মদন সদরে যাচ্ছিলেন। পথে ভূঁইয়া বাড়ির সামনে হঠাৎ একটি গরুর বাছুর রাস্তার মাঝখানে চলে আসায়  বাছুরটিকে বাঁচাতে গিয়ে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা জানান, কুষ্টিয়ার দৌলতপুরে বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় রোকন (১৮) নামে এক যুবক নিহত  হয়েছে। দৌলতপুর থানা পুলিশ, এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার  আনুমানিক সকাল ১০টার সময় দৌলতপুর  উপজেলার শশীধরপুর স্বরূপপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রোকন  দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ  মো: খালেদুর রহমান  জানান, রোকন মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা তাল গাছের সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। এলাকাবাসী তাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জয়পুরহাট প্রতিনিধি জানান, জয়পুরহাট-হিলি সড়কের  কাশিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের সামনে গতকাল বাসের চাপায় আসিফ (১৭)  নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে মোটরসাইকেল  আরোহী  নাইম ও জিহাদ । দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
নিহত আশিফ জয়পুরহাট সদর উপজেলার হাতিগাড়া এলাকার এমরানের ছেলে। তিনি একটি খাবার হোটেলে শ্রমিকের কাজ করতেন।  আহত নাইম ও জিহাদ একই গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জয়পুরহাট থেকে হিলির অভিমুখে  জে আর পরিবহনের একটি  বাস যাওয়ার সময়  বিপরীত দিক থেকে আসা  মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক আশিফ নিহত হন। এ সময় আহত দু’জনকে  উদ্ধার করে জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

Advertisement