সংক্ষিপ্ত সংবাদ

ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

Advertisement

গাজীপুরে ছয় বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে আনোয়ার হোসেন খান নামের এক শিক্ষককে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত। অনাদায়ে আসামির স্থাবর সম্পত্তি বিক্রি করে অর্থ ভুক্তভোগীকে দেয়ার নির্দেশ দেয়া হয়। গতকাল বৃহস্পতিবার গাজীপুর মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আবু বকর সিদ্দিক এ রায় দেন। রায় ঘোষণার সময় পলাতক আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়। এজাহার অনুযায়ী, ২০১৯ সালে গাছা থানার শরীফপুরের আদর্শ শিশু কানন স্কুলে নার্সারি শ্রেণীর শিক্ষার্থীকে অফিস কক্ষে নিয়ে ধর্ষণ করেন ওই শিক্ষক। ফরিদা বেগম নামের এক শিক্ষিকার সহায়তায় ঘটনাটি ঘটে বলে অভিযোগ করা হয়। রক্তাক্ত অবস্থায় শিশুটি বাড়ি ফিরে জানালে মামলা করেন ভুক্তভোগীর মা। গাজীপুর মহানগর প্রতিনিধি।

বাল্যবিয়ে রোধে কিশোরীদের অঙ্গীকার

Advertisement

‘বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়েশিশুর অধিকারে বিনিয়োগ করুন’ প্রতিপাদ্যে রাঙামাটির লংগদুতে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, প্রচারপত্র বিতরণ, কিশোরীদের অঙ্গীকার, সচেতনতামূলক ভিডিও প্রদর্শন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। গত বুধবার সকালে ইআরআরডিসি প্রকল্পের আয়োজনে ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে রাবেতা মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আল মামুন ইবনে মিজানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন। বিশেষ অতিথি ছিলেন লংগদু থানার ওসি জাকারিয়া ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা তরুণ চাকমা। বক্তারা বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে কিশোরীরা বাল্যবিবাহ প্রতিরোধে শপথ গ্রহণ করে এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। লংগদু (রাঙামাটি) সংবাদদাতা।

সোনারগাঁওয়ে বিএনপির অবস্থান

শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সংহতি প্রকাশ এবং যেকোনো নাশকতার বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল করেছে বিএনপি। নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় গতকাল বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় এ কর্মসূচি পালিত হয়। তার রাজনৈতিক সচিব খাইরুল ইসলাম সজীবের নেতৃত্বে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন। এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, জ্যেষ্ঠ সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটুসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। নেতারা বলেন, শ্রমিকদের দাবিকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও রাষ্ট্রকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করলে তা কঠোরভাবে মোকাবেলা করা হবে। একই সাথে জনগণের নিরাপত্তা রক্ষায় বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করতে সদা প্রস্তুত রয়েছে বলে জানান। সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা।

জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, প্রতিবাদ

যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর শহর শাখা। গতকাল বৃহস্পতিবার শহরের ঈদগাহ মোড় থেকে মিছিলটি শুরু হয়ে মনিহার মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলের আগে ঈদগাহ মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা ইসমাইল হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি আবু জাফর সিদ্দিকী। বক্তারা স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার তীব্র নিন্দা জানান এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। সমাবেশে আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস ও রেজাউল করিম, প্রচার সম্পাদক শাহাবুদ্দিন বিশ্বাস এবং শহর জামায়াতের সেক্রেটারি ইমরান হোসেনসহ স্থানীয় নেতারা। ঘটনার পেছনে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে নেতাকর্মীরা অবিলম্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন। যশোর অফিস।

ছেলের বঁটির কোপে বাবা নিহত

নড়াইলের লোহাগড়া উপজেলায় নেশার টাকার জন্য মাদকাসক্ত ছেলের বটির কোপে আফসার শেখ (৬০) নামের এক কৃষক নিহত হয়েছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে খায়রুল শেখ (২৪) পলাতক রয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেকার খায়রুল প্রায়ই নেশার টাকার জন্য বাবা-মায়ের সাথে ঝগড়া ও ভাঙচুর করত। দুপুরেও টাকার জন্য বাগি¦তণ্ডার একপর্যায়ে ঘর থেকে বটি এনে বাবার হাত, বুক ও মাথায় এলোপাতাড়ি কোপায় সে। এতে ঘটনাস্থলেই আফসার শেখ মারা যান। লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ছেলেকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নড়াইল প্রতিনিধি ও লোহাগড়া সংবাদদাতা।

রায়গঞ্জে ‘পিরানহা মাছ’ জব্দ

সিরাজগঞ্জের রায়গঞ্জে মৎস্য আড়তে অভিযান চালিয়ে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। পরে মাছগুলো স্থানীয় এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়। এ সময় মাছের হেফাজতে থাকা দুই ব্যক্তিকে দুই হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার সলঙ্গা থানার কুতুবের চর মৎস্য আড়তে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: রওশন কবির। উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: শরিফুল ইসলাম। মৎস্য বিভাগ জানায়, ময়মনসিংহ থেকে আনা আনুমানিক দুই লাখ আট হাজার টাকা মূল্যের ওই পিরানহা জব্দ করা হলেও মালিককে পাওয়া যায়নি। পরিবেশের ক্ষতি রোধে ও দেশীয় মাছ রক্ষায় এ ধরনের নিষিদ্ধ মাছের বিক্রি বন্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের নিয়মিত অভিযান ও আইনি পদক্ষেপ আগামীতেও অব্যাহত থাকবে। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা।

অস্ত্রসহ ইউপিডিএফ সদস্য আটক

খাগড়াছড়ির রামগড়ে দেশীয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ ইউপিডিএফের (প্রসীত) চাঁদা সংগ্রাহককে আটক করেছে সেনাবাহিনী। গত বুধবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার দুর্গম প্রেমতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম সুপায়ন মারমা (৫০)। তিনি লক্ষ্মীছড়ি উপজেলার মরমছড়ি গ্রামের বাসিন্দা। সিন্ধুকছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী নেহাত ফয়সালের নেতৃত্বে টহল দল অভিযান চালিয়ে তার কাছ থেকে একটি এলজি, দু’টি তাজা কার্তুজ, একটি চাঁদার বই, দু’টি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করে। রামগড় থানার ওসি মোহাম্মদ নাজির আলম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে আসামিকে হেফাজতে নেয়। আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। রামগড় (খাগড়াছড়ি) সংবাদদাতা।

শিশু হত্যার দায়ে যাবজ্জীবন

টাঙ্গাইলে ১০ বছরের সৎছেলেকে হত্যার দায়ে সাবরিনা নাহার সিনথী (২৪) নামের এক নারীকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গত বুধবার দুপুরে টাঙ্গাইলের জ্যেষ্ঠ দায়রা জজ মো: হাফিজুর রহমান এ রায় দেন। রায়ে কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। পিপি শফিকুল ইসলাম জানান, ২০২০ সালের ১৭ জানুয়ারি শিশু সাইফ আহমেদকে বিশ্বাস বেতকা এলাকার ভাড়া বাসায় নেয়া হয়। পরদিন ১৮ জানুয়ারি সন্ধ্যায় হাত-পা ও মুখ ওড়না দিয়ে বেঁধে পানিতে ডুবিয়ে তাকে হত্যা করেন সিনথী। পরে শিশুটির দাদা থানায় মামলা করলে পুলিশ সিনথীকে গ্রেফতার করে। আদালতে ১৬৪ ধারায় দেয়া জবানবন্দিতে তিনি অপরাধ স্বীকার করেন। আসামির উপস্থিতিতে বিচারক এ রায় ঘোষণা করেন। পরে সাজা পরোয়ানা মূলে তাকে কঠোর নিরাপত্তায় জেলা কারাগারে পাঠানো হয়। টাঙ্গাইল প্রতিনিধি।