
বাংলাদেশের জন্য আন্তর্জাতিক অঙ্গনে গৌরব বয়ে এনেছেন ১৭ বছরের কিশোরী সুহানা রহমান সুকন্যা। সামাজিক উন্নয়ন, মানবিক কর্মকাণ্ড এবং মানসিক স্বাস্থ্য সচেতনতা ও আত্মহত্যা প্রতিরোধে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি অর্জন করেছেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত মর্যাদাপূর্ণ সম্মাননা ‘দ্য ডায়ানা অ্যাওয়ার্ড ২০২৬’। সে ঢাকার বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি ভার্সনের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। এ অর্জনে ব্রিটিশ রাজপরিবারের দুই সদস্য প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি সুহানা রহমান সুকন্যাকে পৃথক অভিনন্দনবার্তা পাঠিয়েছেন। দুইজনই প্রিন্সেস ডায়ানার সন্তান এবং তার স্মৃতিতে প্রতিষ্ঠিত এ পুরস্কারের সাথে যুক্ত।
ডায়ানা, প্রিন্সেস অব ওয়েলসের স্মৃৃতি ও মানবিক দর্শনকে ধারণ করে ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয় দ্য ডায়ানা অ্যাওয়ার্ড। বিশ্বজুড়ে সামাজিক পরিবর্তন, মানবিক উদ্যোগ, নেতৃত্ব এবং কমিউনিটির উন্নয়নে অসাধারণ অবদান রাখা তরুণদের এ সম্মাননা দেয়া হয়। পুরস্কারটি শুধু ব্যক্তিগত অর্জনকে স্বীকৃতি দেয় না, বরং তরুণদের নেতৃত্বে ইতিবাচক সামাজিক পরিবর্তনের গুরুত্বও তুলে ধরে। বিশ্বের বিভিন্ন দেশের কিশোর-কিশোরী ও তরুণদের কাজকে আন্তর্জাতিক পরিসরে পরিচিত করার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সুহানা বাংলাদেশের মানসিক স্বাস্থ্য সচেতনতা ও আত্মহত্যা প্রতিরোধে কাজ করা উদ্যোগ ‘টক হোপ’-এর সাথে যুক্ত। তিনি এ উদ্যোগের চাইল্ড কো-অর্ডিনেটর হিসেবে কাজ করছেন। টক হোপের মূল লক্ষ্য মানসিক স্বাস্থ্য নিয়ে সামাজিক কুসংস্কার ও সঙ্কোচ দূর করা, কিশোর-কিশোরীদের আবেগ ও মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা এবং প্রয়োজনের সময় সহায়তা পাওয়ার সুযোগ তৈরি করা। এ উদ্যোগের আওতায় স্কুলভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম, শিক্ষার্থীদের সাথে আলোচনা, সহমর্মিতাপূর্ণ পরিবেশ তৈরি এবং তরুণ স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ত করার মতো কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিশেষ করে কিশোর-কিশোরীদের মধ্যে মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা, আবেগ প্রকাশ এবং সঙ্কটের সময়ে সহায়তা চাওয়ার সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।
উল্লেখ্য, এর আগে সুহানা ২০২৪ সালে আন্তর্জাতিক শিশুশান্তি পুরস্কারের জন্য মনোনীত হন। কুমিল্লা জেলায় জন্ম নেয়া সুহানা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কেন্দ্রীয় ছাপাখানা দফতরের সিনিয়র স্টোর অফিসার মুহাম্মদ শোয়েবুর রহমান ও খালেদা সুলতানার বড় মেয়ে। তার এক ভাই ও এক বোন রয়েছে। সে সবার দোয়া প্রার্থী। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








