
ক্রীড়া ডেস্ক
চ্যাম্পিয়ন্স লিগে গত পরশু গোলের উৎসব করেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। স্প্যানিশ ক্লাব ভিলারিয়ালকে তাদেরই মাঠে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে ইউরোপসেরার আসরের বর্তমান চ্যাম্পিয়নরা। আট মিনিটের ঝড়েই রীতিমতো উড়ে গেল লা লিগার দলটি। অন্যদিকে অ্যাস্টন ভিলার বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয় তুলে নিয়েছে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের চতুর্থ রাউন্ডে গত পরশু গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের অবিশ্বাস্য প্রত্যাবর্তনে জয়, অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়েছে বায়ার্ন মিউনিখ এবং জয় নিয়ে মাঠ ছাড়ায় আলোচনায় ছিল ইন্টার মিলানও।
ভিলারিয়ালের মাঠ এস্তাদিও দে লা সেরামিকায় ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পিএসজি। ম্যাচের প্রথম ১৭ মিনিটেই চার গোল করে কার্যত প্রতিপক্ষকে ম্যাচ থেকে ছিটকে দেয় প্যারিসের ক্লাবটি। বিশেষ করে ৯ থেকে ১৭ মিনিটের মধ্যে চার গোল। এর মধ্যে প্রথম শুরুটা করেন ৯ মিনিটে জোয়াও নেভেস। তিন মিনিট পর জালের দেখা পান দেজিরে দুয়ে। পরের মিনিটেই ভিলারিয়ালের জাল কাঁপান সেনি মায়োলো। ১৭ মিনিটে চতুর্থ গোলটি করেন ফাবিয়ান রুইজ। আর এতে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে দ্রুততম সময়ে চার গোল করার নতুন রেকর্ডও গড়েছে তারা। ৫০ মিনিটে নিজের জোড়া ও দলের পঞ্চম গোলটি করেন রুইজ। আর ষষ্ঠ গোলদাতা ডেভিড বোলি। শেষ পর্যন্ত ৬-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। এই জয়ে লিগ পর্বে নিজেদের নিখুঁত রেকর্ডও ধরে রেখেছে পিএসজি।
এদিকে নিজেদের মাঠে অ্যাস্টন ভিলাকে কোনো সুযোগই দেয়নি বার্সেলোনা। ৩-০ গোলের জয় পেয়েছে কাতালানরা। ম্যাচে রাফিনহা-ইয়ামাল ও সতীর্থদের আক্রমণে শুরু থেকেই চাপে ছিল ইংলিশ ক্লাবটি। ম্যাচের সাত মিনিটেই প্রথম গোলের দেখা পান লামিনে ইয়ামাল। ৫২ ও ৬৪ মিনিটে দুই গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা। গুরুত্বপূর্ণ এই জয়ে লিগ পর্বে নিজেদের অবস্থান আরো শক্ত করেছে বার্সেলোনা।
রাতের সবচেয়ে নাটকীয় ম্যাচটি হয়েছে ওল্ড ট্রাফোর্ডে। এএস রোমার বিপক্ষে প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে পড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের ১১ মিনিটে মাতিয়াস সুলে ও ১৭ মিনিটে ডোনিয়েল মালেনের গোলে এগিয়ে যায় ইতালিয়ান ক্লাবটি। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় ইউনাইটেড। ৫৮ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমান ব্রুনো ফার্নান্দেজ। এরপর ৮৩ ও ৮৬ এই চার মিনিটের মধ্যে জোড়া গোল করেন মাথিয়াস কুনহা। তাতেই ৩-২ গোলের অবিশ্বাস্য জয় পায় ইংলিশ ক্লাবটি। এই জয়ে টানা ৯ ম্যাচ জয়হীন থাকার হতাশাও কাটিয়েছে তারা। যদিও যোগ করা সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় কুনহাকে।
স্পেনের আরেক ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদকে তাদেরই মাঠে ২-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। নেদারল্যান্ডসে ফেইনুর্ডকে ৩-০ গোলে হারিয়েছে ইন্টার মিলান। অন্যদিকে অস্ট্রিয়ান ক্লাব এলএএসকে ৪-০ গোলে হারিয়েছে স্লোভান ব্রাতিস্লাভাকে। এ ছাড়া গ্যালাতাসারে ২-০ গোলে হারিয়েছে স্টুটগার্টকে। শাখতার ডোনেস্কের বিপক্ষে ১-০ গোলের জয় স্পোর্টিং সিপির। ম্যাচের একমাত্র গোলটি করেন ইসা দুম্বিয়া। দিনের একমাত্র ম্যাচে লস/লিলের বিপক্ষে গোলশূন্য ড্র করে বোদো/গ্লিমিট।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








