হাদিস, চর্চা, প্রসার, বিরল, সম্মাননা, আনোয়ার ইব্রাহিম ,
হাদিস চর্চার প্রসারে বিরল সম্মাননা পেলেন আনোয়ার ইব্রাহিম । সংগৃহীত
ads

মালয়েশিয়ায় সনদভিত্তিক হাদিসশাস্ত্রের চর্চা ও প্রসারে বিশেষ অবদান এবং সমর্থনের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক পর্যায়ের বিরল ‘হাদিস সনদ সম্মাননা’ অর্জন করেছেন দেশটির প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। 

ভারতের প্রধান মুফতি শায়খ আবুবকর আহমদের নেতৃত্বে বিশ্বের বিশিষ্ট আলেম ও হাদিসবিশারদরা তাকে এই সম্মাননা প্রদান করেন।

সোমবার (২৩ নভেম্বর) রাতে মালয়েশিয়ার ঐতিহাসিক পুত্রা মসজিদে আন্তর্জাতিক পর্যায়ে আয়োজিত ‘জামি আত-তিরমিজি ও আশ-শামায়েলে মুহাম্মদিয়া’ হাদিসগ্রন্থের পাঠ ও সমাপনী অনুষ্ঠানে তাকে এই সম্মাননা দেয়া হয়।

সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি

আয়োজকরা জানান, এ সম্মাননা শুধু আনোয়ার ইব্রাহিমের ব্যক্তিগত স্বীকৃতি নয়; বরং মালয়েশিয়ায় হাদিসশাস্ত্রের মর্যাদা ও চর্চা প্রতিষ্ঠায় আলেম, গবেষক, ধর্মীয় প্রতিষ্ঠান, হাদিসের শিক্ষক এবং শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি।

বিশেষ সনদপত্রে যা যা অন্তর্ভুক্ত রয়েছে

সম্মাননার অংশ হিসেবে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে ‘তুহফাতুল জলিস বি ইজাজাতি ফাখামাতির রঈস’ শীর্ষক একটি বিশেষ সনদপত্রও প্রদান করা হয়। বাহরাইনের বিশিষ্ট আলেম শায়খ ড. নাজি রশিদ আল-আরাবি এটি সংকলন করেছেন।

এই বিশেষ সনদে হাদিসশাস্ত্রের প্রসিদ্ধ ছয়টি নির্ভরযোগ্য গ্রন্থ বা সিহাহ সিত্তাহর সনদ অন্তর্ভুক্ত রয়েছে। গ্রন্থগুলো হলো—

সহিহ বুখারি

সহিহ মুসলিম

সুনানে আবু দাউদ

জামি আত-তিরমিজি

সুনানে নাসায়ি

সুনানে ইবনে মাজাহ

এ ছাড়া ইমাম মালিকের মুয়াত্তা এবং ইমাম আবু হানিফা, ইমাম শাফেয়ি ও ইমাম আহমদের মুসনাদসহ ধারাবাহিক বর্ণনাসম্পন্ন হাদিস ও প্রচলিত হাদিসশাস্ত্রীয় নীতিমালা অনুযায়ী সাধারণ সনদও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিশ্ব আলেমদের মিলনকেন্দ্র ও ১১ দিনের আয়োজন

আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগের মাধ্যমে মালয়েশিয়া বিশ্বের বিভিন্ন দেশের আলেম, হাদিসের সনদধারী বিশেষজ্ঞ এবং জ্ঞানপিপাসু শিক্ষার্থীদের মিলনকেন্দ্র হিসেবে গড়ে উঠছে।

পুত্রা মসজিদের এই মহতি আয়োজনে প্রায় ১০ হাজার অংশগ্রহণকারী এবং দেশি-বিদেশী ৪০ জন বিশিষ্ট আলেম ও হাদিসবিশারদ সমবেত হন। এর মধ্য দিয়ে ১১ দিনব্যাপী হাদিসশাস্ত্রের পাঠ ও শিক্ষাকার্যক্রমের সফল সমাপ্তি ঘটে।

আয়োজনের ধারাবাহিকতা ও ‘আশ-শামায়েলে মুহাম্মদিয়া’র গুরুত্ব

এর আগে ২০২৪ সালে সহিহ বুখারি এবং ২০২৫ সালে সহিহ মুসলিমের পাঠ ও সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় এ বছর আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল ‘আশ-শামায়েলে মুহাম্মদিয়া’ গ্রন্থের পাঠ।

এই গ্রন্থে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শারীরিক গঠন, ব্যক্তিত্ব, জীবনযাপন, চারিত্রিক বৈশিষ্ট্য ও উত্তম আখলাক সম্পর্কিত বিভিন্ন বর্ণনা সংকলিত হয়েছে। এর মাধ্যমে মুসলমানদের কাছে মহানবী (সা.)-এর জীবনাদর্শ তুলে ধরা এবং তার সুন্নাহ অনুসরণের অনুপ্রেরণা জোগানোই মূল উদ্দেশ্য।

আয়োজকরা মনে করেন, এ দুটি গুরুত্বপূর্ণ হাদিসগ্রন্থের পাঠ ও শিক্ষাকার্যক্রম শুধু সনদভিত্তিক হাদিসচর্চার ঐতিহ্যকে এগিয়ে নিচ্ছে না, বরং মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা এবং তার সুন্নাহর অনুসরণে মানুষের আগ্রহও বাড়াচ্ছে।