পরিশ্রমের প্রতিফলন নেই : সিমন্স

ক্রীড়া প্রতিবেদক
পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে দাপুটে ক্রিকেট খেলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের সামর্থ্যরে জানান দিয়েছিল বাংলাদেশ। সেই দলই হঠাৎ যেন পথ হারিয়েছে। সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে না পেরে সবশেষ দুই টেস্টে জয়হীন থাকতে হয়েছে নাজমুল হোসেন শান্তর দলকে। মাঠের এই ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠলেও প্রধান কোচ ফিল সিমন্সের দাবি, অনুশীলনে পরিশ্রমের কোনো কমতি নেই। সমস্যা হচ্ছে, সেই পরিশ্রমের প্রতিফলন দেখা যাচ্ছে না ম্যাচে!
আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টে জয়ের যথেষ্ট সম্ভাবনা সৃষ্টি করেও শেষ পর্যন্ত ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল বাংলাদেশকে। এরপর মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অপেক্ষা করছিল আরো বড় ধাক্কা। নিজেদের চেনা কন্ডিশনের সুবিধা নিতে স্পিনসহায়ক উইকেট তৈরি করেও ক্যারিবীয়দের সামনে কার্যত অসহায় আত্মসমর্পণ করে স্বাগতিকেরা। আলোকস্বল্পতা, বৃষ্টি ও বজ্রপাতের কারণে ৯ বার খেলা বন্ধ হওয়ার পরও সাড়ে তিন দিনের মধ্যে ৮ উইকেটে হারতে হয় বাংলাদেশকে।
এমন দু’টি ফলাফলের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্নও কঠিন হয়ে পড়েছে। ক্ষীণ সম্ভাবনাটুকু টিকিয়ে রাখতে হলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে জয়ের বিকল্প নেই। সিলেটে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে দলের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রধান কোচ ফিল সিমন্স বলেন, ‘প্রস্তুতিতে ঘাটতি না থাকলেও ম্যাচে চাপের মধ্যে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারছে না ক্রিকেটাররা। ছেলেরা আগের মতো, ডারউইনে বা পাকিস্তানের বিপক্ষে খেলার আগে যেভাবে কঠোর পরিশ্রম করতো, ঠিক একই তীব্রতা নিয়ে এখনো কঠোর পরিশ্রম করছে। কিন্তু সমস্যা হলো, ম্যাচে সেটি কাজে লাগাতে পারছে না। কেবল মাঠের বাইরে কঠোর পরিশ্রম করলেই চলবে না। মাঠেও সতেজ থাকতে হবে। ডারউইন টেস্টের পর থেকে আমরা অতটা ভালো ব্যাটিং করতে পারিনি। ’
উইকেট নিয়ে সিমন্স বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে গত বছর কিংবা চলতি বছরের শুরুতে খেলা উইকেটগুলোর সাথে এর মিল রয়েছে। বেশ ভালো একটা উইকেট।’
বাংলাদেশকে সিরিজ হারানোই হবে বড়দিনের উপহার : সামি
মিরপুর টেস্টে বাংলাদেশকে পাত্তাই দেয়নি ওয়েস্ট ইন্ডিজ। ৮ উইকেটের দাপুটে জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে। সাদা পোশাকে দুই দলের লড়াইটা এবার সিলেটে। ওয়েস্ট ইন্ডিজের সামনে এখন বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার সুযোগ। সিরিজ জেতা এবং হোয়াইটওয়াশের লক্ষ্যের কথা জানিয়ে অতিথি দলের প্রধান কোচ ড্যারেন সামি জানালেন, বাংলাদেশকে ২-০ ব্যবধানে হারানোটা হবে সোনায় সোহাগা। সামনেই আছে বড়দিনের উৎসব। হোয়াইটওয়াশটা হবে বড়দিনের উপহার। 
ম্যাচ পূর্ববতী সংবাদ সম্মেলনে ড্যারেন সামি বলেন, ‘আরো কিছু ম্যাচ হলে ভালো হতো। লম্বা সময় ধরে আমরা ভ্রমণে আছি। পরিবার থেকে দূরে আছি। সামনেই ক্রিস মাস। গত বছর ২৪ ডিসেম্বর নিউজিল্যান্ড থেকে দেশে ফিরি। এবারের চক্রে আমরা যত প্ল্যান করেছি সবই কাজে লাগছে। যদি সিরিজটা জিততে পারি ২-০ ব্যবধানে, আমাদের সবার জন্য ক্রিসমাসের ভালো গিফট হবে।’

Advertisement