
ক্রীড়া ডেস্ক
অস্ট্রেলিয়ার ক্রিকেটে শেষ হলো এক বর্ণিল অধ্যায়ের। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বিধ্বংসী ব্যাটার ও অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার গতকাল নিজের অবসরের সিদ্ধান্তের কথা জানান। এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার জার্সিতে তার ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি ঘটল। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন তিনি।
এর আগে ২০২৫ সালের জুনে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ম্যাক্সওয়েল। এবার বিদায় জানালেন টি-২০ ক্রিকেটকেও। পাশাপাশি ভিক্টোরিয়ার হয়ে ঘরোয়া ৫০ ওভারের ক্রিকেট ও চার দিনের প্রথম শ্রেণীর ক্রিকেট থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টার্সের হয়ে খেলবেন তিনি। ২০২৭-২৮ মৌসুমের শেষ পর্যন্ত ক্লাবটির সাথে চুক্তি রয়েছে তার।
২০০৯ সালের দিকে ভিক্টোরিয়ার ড্রেসিংরুমে জায়গা করে নেয়ার পর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ম্যাক্সওয়েলের। অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন ৭টি টেস্ট, ১৪৯টি ওয়ানডে ও ১৩০টি টি-২০। ওয়ানডেতে তার রান তিন হাজার ৯৯০ এবং টি-২০তে ২ হাজার ৮৯৭। আন্তর্জাতিক টি-২০তে রয়েছে ৫টি সেঞ্চুরি। এই কীর্তিতে ভারতের রোহিত শর্মার সাথে যৌথভাবে রেকর্ডের শীর্ষে আছেন তিনি। বল হাতেও কম অবদান রাখেননি। আন্তর্জাতিক ক্রিকেটে নিয়েছেন ১২৮টি উইকেট।
তবে ম্যাক্সওয়েলের ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় অধ্যায় ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। আফগানিস্তানের বিপক্ষে ৯১ রানে সাত উইকেট হারানোর পর একাই ম্যাচের চিত্র পাল্টে দেন তিনি। পায়ের চোট নিয়েও খেলেন অবিশ্বাস্য ২০১ রানের ইনিংস। মাত্র ১২৮ বলে অপরাজিত সেই ইনিংসটি ওয়ানডে ইতিহাসের অন্যতম সেরা ব্যক্তিগত পারফরম্যান্স হিসেবে বিবেচিত হয়। ওই বিশ্বকাপে চ্যাম্পিয়নও হয়েছিল অস্ট্রেলিয়া। এ ছাড়া ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। ২০২১ সালে অস্ট্রেলিয়ার প্রথম টি-২০ বিশ্বকাপ জয়ের অভিযানেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার।
অবসরের সিদ্ধান্ত জানাতে গিয়ে ম্যাক্সওয়েল বলেন, ‘দেশের হয়ে খেলার সুযোগ পাওয়াটা ছিল অসাধারণ অভিজ্ঞতা। নিজের শরীরকে আরো সময় দিতে এবং ক্যারিয়ারের বাকি সময়টা উপভোগ করতেই অবসরের এই সিদ্ধান্ত।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








