ধানমন্ডিতে ১৪ তলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক

Advertisement

রাজধানীর অভিজাত এলাকা ধানমন্ডির একটি ১৪ তলা বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ধানমন্ডি ১০/এ নম্বর সড়কের ২৭ নম্বর বাসায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দু’টি ইউনিটের প্রায় পৌনে এক ঘণ্টার নিবিড় চেষ্টায় বিকেল ৪টা ১৮ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সময়মতো আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের কোনো বিপর্যয় ঘটেনি।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, বিকেল সাড় ৩টায় ধানমন্ডি ১০/এ সড়কের ১৪তলা ভবনটির দ্বিতীয় তলার একটি ফ্লাটে আগুন লাগার জরুরি খবর পৌঁছায়। খবর পাওয়ার মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করে। পরে সহায়তার জন্য পলাশী ফায়ার স্টেশন থেকেও আরো দু’টি ইউনিট দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে পাঠানো হয়। তবে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের কর্মীদের দ্রুত ও কার্যকর পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে চলে আসায় পলাশী স্টেশনের অতিরিক্ত দু’টি ইউনিটকে ফেরত পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বিকেলে ভবনটির দ্বিতীয় তলার ফ্লাট থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখে ভেতরে থাকা অধিবাসীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহুতল ভবন হওয়ায় ওপরের তলাগুলোর বাসিন্দারা দ্রুত নিচে নেমে আসার চেষ্টা করেন। ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছেই ভবনের মধ্যকার ধোঁয়া বের করার ব্যবস্থা করেন এবং সতর্কতার সাথে ভেতরে থাকা বাসিন্দাদের নিরাপদে নামিয়ে আনেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের ওয়্যারহাউজ ইন্সপেক্টর ও মিডিয়া কর্মকর্তা মো: আনোয়ারুল ইসলাম নিশ্চিত করেছেন যে, ফায়ার সার্ভিসের দ্রুত ও দক্ষ ভূমিকার কারণে আগুন ভবনটির অন্য কোনো ফ্লাটে বা ওপরের তলাগুলোতে ছড়াতে পারেনি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও কী পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।