
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে দেশটির ইহুদি ও হিন্দু সংগঠনগুলোর মধ্যে গাত্রদাহ শুরু হয়েছে। হামাসের নিহত নেতা ইয়াহিয়া সিনওয়ারকে ‘বীর ও শহীদ’ হিসেবে প্রশংসা করার অভিযোগ তুলে সংগঠন দুটি অস্ট্রেলিয়া সরকারের কাছে ব্যাখ্যা দাবি করেছে। তাদের প্রশ্ন, শফিকুর রহমানকে কেন অস্ট্রেলিয়ায় প্রবেশের ভিসা দেয়া হলো এবং সফরে তিনি সরকারের কোনো প্রতিনিধির সাথে বৈঠক করেছেন কি না।
বিবিসি মঙ্গলবার (২৪ নভেম্বর) আরো জানায়, অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশন (এজেএ) ও অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশন (এএইচএ) এক যৌথ বিবৃতিতে শফিকুর রহমানের সফর নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার পর শফিকুর রহমান তাকে প্রকাশ্যে ‘বীর ও শহীদ’ হিসেবে অভিহিত করেছিলেন। একইভাবে হামাসের আরেক নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে তাকে শহীদ হিসেবে কবুল করার জন্য প্রার্থনা করেছিলেন তিনি।
যৌথ বিবৃতিতে আরো বলা হয়, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল (এএনআইসি) গত ২১ নভেম্বর সিডনিতে এক মধ্যাহ্নভোজের অনুষ্ঠানে শফিকুর রহমানকে আতিথ্য দিয়েছে বলে খবর পাওয়া গেছে। ওই অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার কয়েকজন সংসদ সদস্যও উপস্থিত ছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে। এ বিষয়ে অস্ট্রেলিয়া সরকারের কাছে ব্যাখ্যা দাবি করেছে সংগঠন দুটি। শফিকুর রহমানকে কেন ভিসা দেয়া হয়েছে এবং সরকারের কোনো প্রতিনিধি তার সাথে বৈঠক করেছেন কি না, তা জানতে চেয়েছে তারা।
অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশনের সভাপতি রবার্ট গ্রেগরি এ প্রসঙ্গে সাবেক ইসরাইলি বিচারমন্ত্রী আয়েলেত শাকেদের অস্ট্রেলিয়ায় প্রবেশে বাধা দেয়া এবং ধর্মীয় জায়নবাদী দলের সংসদ সদস্য সিমখা রথমানের ভিসা বাতিলের ঘটনা তুলে ধরেন।
বিবৃতিতে সংগঠন দুটি শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর এবং দেশটির সরকারি প্রতিনিধিদের সাথে তার সম্ভাব্য যোগাযোগের বিষয়ে সরকারের কাছে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









