শ্রমিক অসন্তোষের আড়ালে শিল্প ধ্বংসের ষড়যন্ত্র রুখতে হবে: আতিকুর রহমান

 নিজস্ব প্রতিবেদক
শ্রমিক অসন্তোষের আড়ালে পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্র চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। তিনি বলেছেন, চব্বিশ-পরবর্তী নতুন বাংলাদেশে শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা কিংবা তাদের ঠকানো সহজ হবে না। শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় ৯টি মোর্চাসহ অসংখ্য শ্রমিক সংগঠন কাজ করছে। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর।
গতকাল ফেডারেশনের কেন্দ্রীয় কার্যালয়ে পোশাকশিল্পের চলমান অস্থিরতা ও শ্রমিকদের অধিকারসংক্রান্ত পরিস্থিতি নিয়ে আয়োজিত এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আতিকুর রহমান বলেন, পোশাকশিল্পে চলমান অস্থিরতা, বিভিন্ন স্থানে ভাঙচুর এবং শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। কোনো মালিক কিংবা শ্রমিকেরই শিল্পপ্রতিষ্ঠান ধ্বংস করার অধিকার নেই। ভাঙচুর ও অগ্নিসংযোগের মাধ্যমে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। বরং শিল্পকারখানা বন্ধ হয়ে গেলে শ্রমিকেরা কর্মসংস্থান হারাবেন এবং দেশের অর্থনীতি মারাত্মক ক্ষতির মুখে পড়বে। এতে অন্য দেশ বাংলাদেশের বাজার ও শিল্পের জায়গা দখলের সুযোগ পাবে। দেশের শ্রমিকরা এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত হবেন না বলে তিনি বিশ্বাস করেন।
তিনি বলেন, একটি স্বার্থান্বেষী মহল পোশাকশিল্পে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে দেশের গুরুত্বপূর্ণ এ শিল্পকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। বিশেষ করে শীত মৌসুমকে সামনে রেখে এ শিল্প নিয়ে নানা ষড়যন্ত্রের আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতি মোকাবেলায় সরকারকে দায়িত্বশীল ও কঠোর ভূমিকা পালন করতে হবে।

Advertisement