ড্রোন,  হামলা, ফিনল্যান্ড, উপকূল, রুশ জাহাজ,
ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনীর প্রকাশ করা ক্ষতিগ্রস্ত রুশ পণ্যবাহী জাহাজের ছবি। আল জাজিরা
ads

 বাল্টিক সাগরে ফিনল্যান্ড উপকূলে ড্রোন হামলার শিকার রাশিয়ার একটি পণ্যবাহী জাহাজে এখনো আগুন জ্বলছে। আগুন নেভাতে রাতভর চেষ্টা চালিয়েও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। জাহাজটি রাশিয়ার কালিনিনগ্রাদ ছিটমহলের দিকে যাচ্ছিল। আন্তর্জাতিক জলসীমায় হামলার শিকার হওয়ার পর সেটি ভেসে ভেসে ফিনল্যান্ডের পানিসীমায় ঢুকে পড়ে।

আল জাজিরা রোববার (২২ নভেম্বর) আরো জানায়, ফিনল্যান্ডের সামরিক বাহিনীর ধারণা, শনিবার ‘স্পার্টা-২’ নামের জাহাজটিতে হামলা চালিয়েছে ইউক্রেন। পরে জাহাজটি ফিনল্যান্ডের পানিসীমায় ভেসে এসে নোঙর করে। এ সময় জাহাজের ১৬ জন নাবিককে উদ্ধার করে কাছাকাছি থাকা আরেকটি রুশ জাহাজে নেয়া হয়।

রোববার ফিনল্যান্ডের কোস্টগার্ড প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যায়, রাতভর কয়েকটি জাহাজ থেকে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা চলছে। একই সাথে ডেকের ওপর স্তূপ করে রাখা কনটেইনারগুলো ঠান্ডা করার কাজও করছেন উদ্ধারকর্মীরা।

চলতি বছর ইউক্রেন রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় লেনিনগ্রাদ অঞ্চলে দফায় দফায় সামরিক ড্রোন পাঠিয়েছে। এর মধ্যে কয়েকটি প্রতিবেশী বাল্টিক দেশগুলোর আকাশসীমাতেও ঢুকে পড়ে। এতে ইউক্রেন যুদ্ধ ন্যাটোর ভূখণ্ডেও ছড়িয়ে পড়তে পারে বলে উদ্বেগ তৈরি হয়েছে।

ফিনল্যান্ডের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, রাশিয়ার গোগল্যান্ড দ্বীপের পশ্চিমে আন্তর্জাতিক জলসীমায় জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। রুশ কর্মকর্তাদের বক্তব্যের সাথেও তাদের এই তথ্যের মিল রয়েছে।

ফিনল্যান্ডের আশপাশেও ছড়িয়ে পড়ছে যুদ্ধ

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেত্তেরি অর্পো ঘটনাটিকে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের সাথে সম্পর্কিত বলে ইঙ্গিত দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, ‘যুদ্ধ আমাদের একেবারে কাছের এলাকায় ছড়িয়ে পড়ছে। আগ্রাসীর বিরুদ্ধে পাল্টা লড়াই করার অধিকার ইউক্রেনের রয়েছে।’

বাল্টিক সাগরের সংকীর্ণ অংশ ফিনল্যান্ড উপসাগরে আরো হামলার আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না বলে জানিয়েছেন এস্তোনিয়ার নৌবাহিনীর কমান্ডার ইভো ভার্ক। রোববার দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরআরকে তিনি এ কথা বলেন।

এর আগে গত সপ্তাহেও ইউক্রেনের ড্রোন হামলার সময় একই এলাকায় একটি রুশ যুদ্ধজাহাজে হামলার ঘটনা শনাক্ত করার কথা জানিয়েছিল ফিনল্যান্ডের সামরিক বাহিনী।

‘স্পার্টা-২’ ১২১ মিটার (৩৯৭ ফুট) দীর্ঘ রুশ পতাকাবাহী পণ্যবাহী জাহাজ। রাশিয়ার জাহাজ চলাচলকারী প্রতিষ্ঠান ওবোরনলজিস্টিকার মালিকানাধীন জাহাজটি শুক্রবার সেন্ট পিটার্সবার্গ ছেড়েছিল বলে লন্ডন স্টক এক্সচেঞ্জের তথ্য থেকে জানা গেছে। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জাহাজটির ওপর মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে। ওবোরনলজিস্টিকা তাদের ওয়েবসাইটে জানিয়েছে, প্রতিষ্ঠানটি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়কে পণ্য পরিবহনসহ বিভিন্ন সরবরাহসেবা দিয়ে থাকে।