
নয়া দিগন্ত ডেস্ক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বালুবাহী একটি পিকআপ ভ্যানের ধাক্কায় দুই বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। এ ছাড়া চট্টগ্রামের মিরসরাইয়ে দু’টি ট্রাকের সংঘর্ষে চালকের এক সহকারী (হেলপার), পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক ইয়ানুর (২০), কুমিল্লার বুড়িচংয়ে কিশোর রাফি (১৬), গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মালবোঝাই ট্রাকের ধাক্কায় পানশ্রমিক এনামুল হক (৪০) এবং সাতক্ষীরার শ্যামনগরে লোকাল বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক সাগর আলী (৫০) নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরো আটজন।
লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা জানান, মুন্সীগঞ্জের সিরাজদিখানে বালুবাহী একটি পিকআপ ভ্যানের ধাক্কায় দুই বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। গতকাল সকালে উপজেলার লতব্দী ইউনিয়নের গয়াতলা মোড়ে ইছাপুরা-বালুচর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রামানন্দ গ্রামের মৃত লেচু সরকারের ছেলে নেকবর আলী সরকার (৬৫) এবং গয়াতলা গ্রামের মৃত শহর আলী দেওয়ানের ছেলে মো: কাইয়ুম দেওয়ান (৭৫)। আর আহত হয়েছেন- হাশেম বেপারী (৭০)।
মিরসরাইয়ে ট্রাকের হেলপার নিহত
মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের মিরসরাইয়ে দু’টি ট্রাকের সংঘর্ষে চালকের এক সহকারী (হেলপার) নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের চালকসহ দু’জন গুরুতর আহত হয়েছেন। গতকাল উপজেলার বারৈয়ারহাট মঈনউদ্দিন ফিলিং স্টেশনের সামনে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মিলন (২০)। আহতরা হলেন- ট্রাকচালক মানিক (৩৫) ও সহকারী বিল্লাল (৩৭)।
দেবীগঞ্জে নিহত ১
দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা জানান, পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইয়ানুর (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে দেবীগঞ্জ সদর ইউনিয়নের ধরধরাপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়ানুর দেবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম মুন্সীপাড়া এলাকার হাসেন আলীর ছেলে। আহতরা হলেন- বোদা উপজেলার সাতখামার এলাকার সজ্জাদ হোসেন (২৩) ও জীবন ইসলাম (৩৫) এবং দেবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম মুন্সীপাড়া এলাকার সাব্বির হোসেন (১৭)।
বুড়িচংয়ে যুবক নিহত
বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা জানান, কুমিল্লার বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় রাফি (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার কালাকচুয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
সুন্দরগঞ্জে শ্রমিক নিহত
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা জানান, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মালবোঝাই ট্রাকের ধাক্কায় এনামুল হক (৪০) নামের এক পানশ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় অটোভ্যানচালক-সহ দু’জন আহত হয়েছেন। তাদের মধ্যে আনোয়ার হোসেন (৪২) নামের একজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের জামালহাট (কামরাঙ্গার তল) রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
শ্যামনগরে নিহত ১
শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা জানান, সাতক্ষীরার শ্যামনগরে লোকাল বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে সাগর আলী (৫০) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার বংশীপুর এলাকায় সোনার মোড় মৎস্য আড়তের পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর আলী উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর গ্রামের শওকত আলির ছেলে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








