ধর্মকে পুঁজি করে সুবিধাবাদী রাজনীতি বন্ধ করতে হবে

বরিশাল ব্যুরো 
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, এমপি বলেছেন, ধর্মীয় বিভেদ ও সংঘাত ছড়িয়ে পড়লে কিছু রাজনৈতিক স্বার্থান্বেষী গোষ্ঠী লাভবান হয়। তাই ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির পরিবেশ গড়ে তুলতে হবে। ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে সংঘাত ও রাজনৈতিক ফায়দা হাসিল বন্ধ করতে হবে।
সোমবার সকালে বরিশাল নগরীর বিডিএস মিলনায়তনে ‘ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি প্রসারে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
উপদেষ্টা বলেন, ধর্মীয় বিশ্বাসকে কেন্দ্র করে সংঘাত তৈরি হলে সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। অথচ ধর্মকে পুঁজি করে রাজনীতি করা ব্যক্তিরাই সেখান থেকে বেশি সুবিধা ভোগ করে থাকেন। এ সুবিধাবাদী রাজনীতি বন্ধ করতে হবে। ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি প্রতিষ্ঠায় পারস্পরিক সহযোগিতা ও সংলাপের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, একটি গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে ধর্মীয় স্বাধীনতা ও পারস্পরিক সম্প্রীতির কোনো বিকল্প নেই। 
বরিশাল জেলার ফোর্ব ফোরামের সভাপতি অধ্যাপক গাজী জাহিদ হোসেনের সভাপতিত্বে বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, চার্চ অব ইংল্যান্ডের ফোর্ব এজেন্ট অব চেঞ্জ প্রজেক্ট এবং পলিসি অ্যাডভাইজারের পরিচালক (অপারেশন্স) চার্লস রিড, প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু এবং বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এবায়েদুল হক চাঁন উপস্থিত ছিলেন।
এ সময় রাজনৈতিক ব্যক্তিবর্গ, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, ধর্মীয় নেতারাসহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

Advertisement