
এএফপি
শরৎকালীন ছুটি শেষে ফ্রান্সে শিক্ষার্থীরা স্কুলে ফিরে গতকাল সোমবার কিছু হাইস্কুল অবরুদ্ধ করে বিক্ষোভ করেছে। ছুটির মধ্যে সরকারের দেয়া বিভিন্ন ছাড় সত্ত্বেও আন্দোলনের গতি আরো জোরদার করতে বদ্ধপরিকর শিক্ষার্থীরা।
গত শনিবার টানা তৃতীয় সপ্তাহের মতো শিক্ষার্থীসহ কয়েক লাখ মানুষ ফ্রান্সজুড়ে রাজপথে নেমে বিক্ষোভ করার পর এই অবরোধ কর্মসূচি শুরু হয়। পড়াশোনার পরিবেশের অবনতি ও বৈষম্যের প্রতিবাদে গত সেপ্টেম্বরে হাইস্কুল শিক্ষার্থীদের দেশব্যাপী আন্দোলন থেকে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিবিরোধী এই বৃহৎ বিক্ষোভের সূচনা হয়।
সরকার ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়ায় পরিবর্তন, শিক্ষক সংখ্যা বৃদ্ধি এবং প্রতি ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা নির্দিষ্ট করে দেয়াসহ বেশ কিছু পদক্ষেপের কথা ঘোষণা করেছে। তবে কিছু শিক্ষার্থীর মতে, এই পদক্ষেপগুলো মোটেও যথেষ্ট নয়।
দক্ষিণের শহর মার্সেইতে সোমবার সকালে একটি হাইস্কুলের প্রবেশদ্বারের সামনে কয়েকটি ময়লার স্তূপ ও ডাস্টবিন জমিয়ে রাখা হয়। একটি ময়লার ডাস্টবিনের উপর দাঁড়িয়ে ১৬ বছর বয়সী শিক্ষার্থী মরিয়ম এএফপি-কে বলে, ‘আমরা আবারো আন্দোলন শুরু করেছি; কারণ আমাদের দাবি পূরণ করা হয়েছে বলা হলেও তা স্পষ্টতই যথেষ্ট নয়।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








