
মতলব (চাঁদপুর) সংবাদদাতা
সৌদি আরবের মরুভূমিতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হওয়া চাঁদপুরের মতলব উত্তরের প্রবাসী জসিম উদ্দিনের লাশ দেশে পৌঁছেছে। গত শনিবার নিজ গ্রামে লাশ পৌঁছালে স্বজনদের কান্নায় চারপাশের পরিবেশ ভারী হয়ে ওঠে। স্বামীর নিথর কফিন আর তিন কন্যার আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে স্ত্রী ও তিন সন্তান এখন অনিশ্চিত ভবিষ্যতের মুখে।নিহত জসিম উদ্দিন মতলব উত্তর উপজেলার ঘাসিরচর গ্রামের আইয়ুব আলীর ছেলে। স্ত্রী রুমা আক্তার ও তিন মেয়ে- জাকিয়া (১৮), আয়েশা এবং জেসিয়াকে নিয়ে ছিল তার সংসার। পরিবারের স্বপ্ন ছিল, প্রবাসে পরিশ্রম করে সন্তানদের লেখাপড়া করাবেন, গড়ে তুলবেন সুন্দর ভবিষ্যৎ। কিন্তু সেই স্বপ্ন কেড়ে নিয়েছে নির্মম হত্যাকাণ্ড। এখন বাবার স্নেহ থেকে বঞ্চিত তিন মেয়ের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তাদের মা। স্বামী হত্যার বিচার দাবি করে রুমা আক্তার বলেন, স্বামীকে হারিয়ে তিন সন্তান নিয়ে তিনি এখন অসহায়। যারা তার স্বামীকে নির্মমভাবে হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তিনি।
গত ১৯ সেপ্টেম্বর আল কাসিম এলাকায় এক সহকর্মীর সাথে বের হওয়ার পর নিখোঁজ হন তিনি। কয়েক দিন পর মরুভূমি থেকে বালুচাপা দেয়া তার লাশ উদ্ধার করে পুলিশ। অভিযোগ রয়েছে, হত্যার পর তার মোবাইল থেকে পরিবারের কাছে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় সাব্বির নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সৌদি পুলিশ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








