পূর্বশত্রুতার জেরে ফল বাগানের ৩০০ গাছ কেটে ফেলার অভিযোগ

 কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা
ঝালকাঠির কাঁঠালিয়ায় পূর্বশত্রুতার জেরে একটি ফলের বাগানের তিন শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। গত শনিবার সকালে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের দক্ষিণ কৈখালী গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ কৈখালী গ্রামের বান্দাঘাটা-কৈখালী বাজার সড়কের পাশে পশ্চিম আউরা গ্রামের আব্দুল মালেক হাওলাদারের ছেলে ও ঢাকায় বসবাসকারী মাজেদুল হাসান মনি প্রায় ৪৫ শতক জমিতে একটি ফলের বাগান গড়ে তোলেন। বাগানে সুপারি, রেন্ডি, আম, জাম, মালটা, আমড়া, কাঁঠাল, পেয়ারা, লেবু ও নারকেলসহ বিভিন্ন প্রজাতির তিন শতাধিক ফলদ ও বনজ গাছ ছিল।
অভিযোগ রয়েছে, পশ্চিম আউরা গ্রামের জামাল মুন্সি, তার বড় ভাই জাকির মুন্সি ও জসিম মুন্সিসহ কয়েকজন গত শনিবার সকালে দলবল নিয়ে বাগানের গাছগুলো কেটে ফেলেন।
বাগান দেখাশোনার দায়িত্বে থাকা ওবায়দুল মুন্সি বলেন, মালিক ঢাকায় থাকেন। এই জমি ও বাগান তিনিই দেখাশোনা করেন। শনিবার সকালে প্রতিপক্ষের লোকজন গাছগুলো কেটে ফেলেন। তিনি এ ঘটনার ভিডিও ধারণ করতে গেলে তাকে হত্যার হুমকি দেয়া হয়। পরে ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
বাগানের মালিক মাজেদুল হাসান মনি বলেন, তার অনুপস্থিতিতে পূর্বশত্রুতার জেরে বাগানের তিন শতাধিক গাছ কেটে ধ্বংস করা হয়েছে। এলাকায় ফিরে তিনি এ ঘটনায় কঠোর আইনি পদক্ষেপ নেবেন।কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Advertisement