এ বছরই চালু হচ্ছে ৫ শিশু হাসপাতাল

রাজশাহী ব্যুরো
নির্মাণকাজ শেষ হলেও জনবল ও যন্ত্রপাতির অভাবে দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে থাকা দেশের পাঁচটি ২০০ শয্যার শিশু হাসপাতাল চলতি বছরের শেষ নাগাদ চালু হতে যাচ্ছে। একই সাথে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে এক হাজার ২০০ সাধারণ শয্যার পাশাপাশি ১০০ শয্যার নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চালুর উদ্যোগ নিয়েছে সরকার।
গত শনিবার দুপুরে রামেক হাসপাতাল পরিদর্শন শেষে চিকিৎসক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময়কালে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার। তিনি জানান, নভেম্বর-ডিসেম্বরের দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা থেকে একযোগে পাঁচটি শিশু হাসপাতালের উদ্বোধন করবেন।তিনি আরো বলেন, হাসপাতালগুলোর প্রয়োজনীয় জনবল নিয়োগের জন্য নতুন পদ সৃষ্টির কাজ শেষ হয়েছে। যন্ত্রপাতি ও আসবাবপত্র কেনার প্রক্রিয়াও শেষ পর্যায়ে রয়েছে।
রামেক হাসপাতালের সঙ্কট প্রসঙ্গে তিনি বলেন, ২০১৩ সালে হাসপাতালটির শয্যাসংখ্যা ৫৫০ থেকে বাড়িয়ে এক হাজার ২০০ করা হলেও সে অনুযায়ী জনবল, অবকাঠামো ও যন্ত্রপাতি বাড়ানো হয়নি। ফলে এখনো মূলত ৫৫০ শয্যার সক্ষমতা নিয়েই হাসপাতালটি পরিচালিত হচ্ছে।
ডা. জিয়াউদ্দিন হায়দার বলেন, বর্তমান সরকার হাসপাতালটির সক্ষমতা বাড়াতে এক হাজার২০০ সাধারণ শয্যার পাশাপাশি ১০০ শয্যার আইসিইউ চালুর সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে একটি প্রকল্প নেয়া হয়েছে। রামেক হাসপাতালসহ দেশের আরো সাতটি পুরনো মেডিকেল কলেজ হাসপাতালের অবকাঠামো উন্নয়ন, জনবল নিয়োগ এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সুযোগ-সুবিধা বাড়ানো হবে। চলতি বছরের শেষ দিকে রামেক হাসপাতালের সম্প্রসারণকাজ শুরু হবে বলে তিনি জানান।
রাজশাহী অঞ্চলে সাপের উপদ্রব ও সাপে কাটা রোগীদের চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন, পদ্মা নদীর কারণে এ অঞ্চলে সাপের উপদ্রব বেশি। দ্রুতই হাসপাতালে প্রয়োজনীয় অ্যান্টিভেনম সরবরাহ করা হবে বলে আশা করেন তিনি। রামেক হাসপাতালের আইসিইউ ভবনের লিফট সরবরাহে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকেএম মাসুদ-উল-ইসলাম বলেন, ২০২৩ সালে সরবরাহ করা লিফট যথাযথ ছিল না বলে তদন্তে প্রমাণিত হয়েছে। এ-সংক্রান্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। গণপূর্ত অধিদপ্তরের তদন্ত প্রতিবেদন অনুযায়ীও ব্যবস্থা নেয়া হচ্ছে। এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা হাবীবা, রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. জাওয়াদুল হকসহ হাসপাতালের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

Advertisement