বাংলাদেশ যুক্তরাষ্ট্র যৌথ বিমান মহড়া শুরু

 কূটনৈতিক প্রতিবেদক
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী গতকাল ঢাকার বিএএফ ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারে ‘এক্সারসাইজ কোপ সাউথ’ নামে যৌথ মহড়া শুরু করেছে। যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সেসের পৃষ্ঠপোষকতায় আয়োজিত পাঁচ দিনের এই মহড়াটি ৫ নভেম্বর পর্যন্ত চলবে। 
উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের স্বাগত জানান বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার ভাইস মার্শাল হায়দার আবদুল্লাহ এবং ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত ডেপুটি চিফ অব মিশন ত্রিশিতা মওলা। মহড়ায় উভয় দেশের পাইলট, রক্ষণাবেক্ষণ বিশেষজ্ঞ এবং লজিস্টিকস দলগুলো সি-১৩০জে বিমান পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, কার্গো ব্যবস্থাপনা, বিমান চলাচল নিরাপত্তা, জরুরি পরিস্থিতি মোকাবেলা, বিমানঘাঁটির নিরাপত্তা এবং চিকিৎসা সহায়তার বিষয়ে যৌথ প্রশিক্ষণ নেবে।
ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত মুখপাত্র মারা বার্ড জানান, মহড়াটি আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ, প্রাকৃতিক দুর্যোগ এবং মানবিক জরুরি পরিস্থিতিতে সাড়া দেয়ার ক্ষেত্রে উভয় বিমানবাহিনীর সক্ষমতাকে আরো শক্তিশালী করে তুলবে। এই ব্যবহারিক প্রশিক্ষণটি কোনো সঙ্কটকালীন মুহূর্তে জরুরি ত্রাণসামগ্রী পৌঁছে দেয়া এবং ত্রাণ কার্যক্রমে সহায়তা দেয়ার ক্ষেত্রে তাদের সক্ষমতাকে আরো শাণিত করবে।

Advertisement