৫ নভেম্বর খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনা ব্যুরো
প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা জেলা স্টেডিয়াম থেকে আগামী ৫ নভেম্বর বৃহস্পতিবার একযোগে দেশের ৫০৩টি উপজেলায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর প্রতিযোগিতার উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর খুলনা সফরকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছেন বিএনপি নেতারা। 
গতকাল রোববার মহানগর বিএনপি কার্যালয়ে অঙ্গ ও সহযোগী সংগঠন- ছাত্রদল, যুবদল, মহিলা দল ও স্বেচ্ছাসেবক দলের সাথে আয়োজিত দিনব্যাপী এক যৌথ মতবিনিময় সভা করে। সভায় মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ-র চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন পরিচালনা করেন। 
সভায় বক্তারা বলেন, শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণে ১৯৭৬ সালে যাত্রা শুরু করেছিল ঐতিহ্যবাহী প্ল্যাটফর্ম ‘নতুন কুঁড়ি’। বাংলাদেশ টেলিভিশনের আশির দশকের এই জনপ্রিয় মাধ্যমের হাত ধরে অতীতে বহু প্রতিভা জাতীয় অঙ্গনে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। দ্বিতীয় আসরে অংশগ্রহণের জন্য ইতোমধ্যে দেশের প্রায় ১৬ লাখ ২৩ হাজার তরুণ-তরুণী রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন (প্রথম আসরে এই সংখ্যা ছিল মাত্র ১ লাখ ৬৮ হাজার)। নিবন্ধিত প্রতিযোগীদের মধ্য থেকে ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে দল  গঠন করা হয়েছে, যার মাধ্যমে প্রায় ১৪ লাখ ক্রীড়াবিদ এই বিশাল ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজনে অংশ নিচ্ছেন। 
তারা বলেন, দেশের বেশির ভাগ খেলোয়াড় মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসেন- বিষয়টি বিবেচনা করে খেলোয়াড়দের নৈপুণ্য ও পারফরম্যান্স উন্নয়নের পাশাপাশি তাদের পরিবারের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করারও নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে ।
বেলা ১১টায় ছাত্রদলের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মহানগর ছাত্রদলের আহ্বায়ক মো: তাজিম বিশ্বাস এবং পরিচালনা করেন সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লব। 
 বেলা ৩টায় অনুষ্ঠিত মহিলা দলের সভায় সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য ও মহানগর মহিলা দলের আহ্বায়ক সৈয়দা নার্গিস আলী এবং পরিচালনা করেন যুগ্ম আহ্বায়ক, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এবং সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসানুর রশিদ মিরাজ উপস্থিত ছিলেন।

Advertisement