
কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক তানিয়া আক্তার তাপসীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২২ নভেম্বর) গাজীপুরের টঙ্গী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, তানিয়া আক্তার তাপসী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেত্রী ছিলেন। সংগঠনটির আগের কেন্দ্রীয় কমিটিতে তিনি উপ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন।
এদিকে, সাম্প্রতিক গোপালগঞ্জ জেলার ঘটনার পর হকিস্টিক হাতে তার একটি পুরোনো ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় আসে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ‘রোববার টঙ্গী কমার্শিয়াল কমপ্লেক্সের একটি প্রতিষ্ঠানে চাকরির সাক্ষাৎকার দিতে আসেন তানিয়া আক্তার তাপসী। এ সময় স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নারী নেত্রীরা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।’
ওসি আরো বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ছাত্ররাজনীতির সাথে জড়িত থাকার কারণে তার বিরুদ্ধে কতটি মামলা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
উল্লেখ্য, ২০২৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে একটি আলোচনা সভায় চেয়ারে বসাকে কেন্দ্র করে ইডেন মহিলা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখা ছাত্রলীগের নেত্রীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী তানিয়া আক্তার তাপসীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল কেন্দ্রীয় ছাত্রলীগ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









