ঢাকা থেকে পৌনে ২০০ ফ্লাইট বাতিল

 নিজস্ব প্রতিবেদক
হাউছিদের দফায় দফায় হামলার পর ঢাকা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলাসহ সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী রুটের ফ্লাইট চলাচল এখনো বন্ধ রয়েছে। কবে নাগাদ পূর্ণাঙ্গভাবে এ রুট চালু হবে তাও কেউ নিশ্চিত করতে পারছে না। তবে আজ সোমবার থেকে সাউদিয়া এয়ারলাইন্স ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট চালানোর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে বলে অসমর্থিত সূত্র জানিয়েছে। যদিও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ ঢাকা থেকে রিয়াদ রুটে আগামী ৪ নভেম্বর পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে আগেই। 
গতকাল রোববার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র কাওছার মাহমুদের পাঠানো ক্ষুদেবার্তায় জানানো হয়, যুদ্ধের কারণে বিমানবন্দরের অপারেশন কার্যক্রম বন্ধ থাকায় গতকাল পর্যন্ত দাম্মাম ও রিয়াদ রুটে সরাসরি ও ট্রানজিট ফ্লাইট মিলিয়ে মোট ১৬৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এসব ফ্লাইটের ২২ হাজার ৯১৭ জন যাত্রী গন্তব্যের উদ্দেশ্যে যেতে পারেনি। তবে বিকল্প রুট ব্যবহার করে কিছু প্রবাসী বাংলাদেশী গন্তব্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে। 
ঢাকা থেকে   সরাসরি যে ফ্লাইটগুলো বাতিল হয়েছে তার মধ্যে বিমানের ৪১টি, ইউএস বাংলা এয়ারলাইন্সের ১০টি, সাউদিয়া এয়ারলাইন্সের ২১টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১৬টি। অপর দিকে ট্রানজিট ফ্লাইট বাতিল হয়েছে ইন্ডিগো এয়ারলাইন্সের ৩০টি, সালাম এয়ারের সাতটি, ইজিপ্ট এয়ারের একটি, এমিরেটস এয়ারলাইন্সের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাই আটটি এবং এয়ার ইন্ডিয়ার আটটি। 
আজ সোমবার থেকে সাউদিয়া এয়ারলাইন্স ঢাকা থেকে রিয়াদ রুটে ফ্লাইট পরিচালনা শুরু করছে এমন তথ্য জানতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একজন কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়টি আমার জানা নেই। 
উল্লেখ্য, ইয়েমেনের হাউছিদের মিসাইল হামলায় রিয়াদ বিমানবন্দরে অনেকে হতাহত হন। তার মধ্যে বাংলাদেশের দুইজন নিহত ও ২৪ জন আহত হন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। একইভাবে দাম্মামে হামলার পর দুইজন বাংলাদেশী আহত হওয়ার তথ্য জানানো হয়। তবে তাদের সর্বশেষ কি অবস্থা তা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপডেট দেয়া হয়নি।

Advertisement