মোসাদের সহায়তায় যুক্তরাষ্ট্রে বলসোনারো
মোসাদের সহায়তায় যুক্তরাষ্ট্রে বলসোনারো।


ব্রাজিলের সিনেটর ও প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত প্রার্থী ফ্লাভিও বলসোনারোর ব্রাজিল ছাড়ার ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক এক কর্মকর্তার সাথে তিনি দেশ ছাড়েন বলে দাবি করেছে সিএনএন ব্রাজিল। খবর অনুযায়ী, দু’টি ভ্যান, একটি ব্যক্তিগত উড়োজাহাজ এবং সাবেক ওই গোয়েন্দা কর্মকর্তাকে নিয়ে পরিকল্পিতভাবে ব্রাজিল ছাড়েন ফ্লাভিও বলসোনারো। সাথে ছিলেন স্ত্রী ফার্নান্দা ও দুই মেয়ে। ব্রাজিলের নির্বাচনে পরাজয়ের পর গত মঙ্গলবার স্থলপথে আর্জেন্টিনায় প্রবেশ করেন তারা। পরে সেখান থেকে ব্যক্তিগত উড়োজাহাজে যুক্তরাষ্ট্রের মায়ামিতে পৌঁছান। সিএনএন ব্রাজিলের অনুসন্ধান অনুযায়ী, পুরো অভিযানের নাম দেয়া হয়েছিল ‘অপারেশন আলবা’। নির্বাচনী প্রচার শেষ হওয়ার আগেই এ পরিকল্পনা করা হয়েছিল বলে খবরে উল্লেখ করা হয়েছে।
সিএনএন ব্রাজিলের প্রতিবেদন অনুযায়ী, গত মঙ্গলবার ফ্লাভিও বলসোনারো তার স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে ব্রাজিলের দক্ষিণাঞ্চল দিয়ে আর্জেন্টিনায় প্রবেশ করেন।
তারা তানক্রেদো নেভেস আন্তর্জাতিক সেতু পার হন। সেতুটি ব্রাজিলের ফোজ দো ইগুয়াসু শহরের সাথে আর্জেন্টিনার পুয়ের্তো ইগুয়াসুকে যুক্ত করেছে। নিরাপত্তা ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দু’টি ভ্যান ও চালকদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
একজন চালক ছিলেন ফোজ দো ইগুয়াসু শহরের সাবেক কাউন্সিলর। অন্যজন তার ছেলে। বলসোনারো যে ভ্যানে ছিলেন, সেটিতে মোসাদের সাবেক ওই কর্মকর্তাও ছিলেন। সিএনএন ব্রাজিলের অনুসন্ধানে বলা হয়েছে, ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদে কাজ করা এক সাবেক কর্মকর্তা বলসোনারোর সাথে ব্রাসিলিয়া থেকে আর্জেন্টিনা পর্যন্ত যাত্রা করেন। ওই কর্মকর্তা গত ১৯ অক্টোবর ব্রাজিলে যান। পরে তিনি বলসোনারোর সাথে একই ভ্যানে করে সীমান্ত পার হন।
তবে বলসোনারোকে ব্রাজিল ছাড়তে সাহায্য করার পরিকল্পনায় ওই সাবেক গোয়েন্দা কর্মকর্তার ঠিক কী ভূমিকা ছিল, তা নিশ্চিত করতে পারেনি সংবাদমাধ্যমটি। আর্জেন্টিনার পুয়ের্তো ইগুয়াসু থেকে বলসোনারো ও তার পরিবারের সদস্যরা একটি গালফস্ট্রিম জি৪০০ ব্যক্তিগত উড়োজাহাজে ওঠেন। আর্জেন্টিনার চার্টার বিমান সংস্থা বায়রেস ফ্লাই উড়োজাহাজটি পরিচালনা করছিল। উড়োজাহাজটি জ্বালানি নেয়ার জন্য ইকুয়েডরের গুয়ায়াকিলে বিরতি দেয়। পরে বুধবার ভোরে যুক্তরাষ্ট্রের মায়ামির ওপা-লক্কা এক্সিকিউটিভ বিমানবন্দরে পৌঁছায়।

Advertisement