জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ইউক্রেন ইস্যুতে অনড় রাশিয়া

এএফপি
ইউক্রেন ইস্যুতে নিজেদের অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেয়নি রাশিয়া। শুক্রবার যুক্তরাষ্ট্রে জি-২০ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শুরু হলেও ইউক্রেন ও ইরান যুদ্ধকে কেন্দ্র করে সদস্যদেশগুলোর মধ্যে মতবিরোধ আরো স্পষ্ট হয়ে উঠেছে। 
বৈঠকে বিভিন্ন বিষয়ে তীব্র মতপার্থক্য দেখা দেয়। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাস ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন বিষয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের বক্তব্যকে ‘মিথ্যা’ বলে আখ্যা দেন।
বৈঠকের ফাঁকে এএফপিকে কালাস বলেন, ‘তিনি (লাভরভ) অনেক মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন। ইউরোপীয় প্রতিনিধিরা সেসব বক্তব্যের জবাব দিতে পেরেছেন।’
এ দিকে, কৃষিপণ্য রফতানির গুরুত্বপূর্ণ পথ কৃষ্ণসাগরে যুদ্ধবিরতি কার্যকরের লক্ষ্যে মস্কোর ওপর আরো চাপ সৃষ্টির চেষ্টা করেন ইউরোপীয় কর্মকর্তারা। অন্য দিকে, লাভরভের বক্তব্য বেশ ‘উসকানিমূলক’ ছিল বলে মন্তব্য করেছেন ইউরোপের একজন কূটনৈতিক সূত্র। সংবাদ সম্মেলনে লাভরভ ইউরোপীয় দেশগুলোর ‘অহংকারী বর্জননীতি’র সমালোচনা করেন। একই সাথে রাশিয়ার সাথে আলোচনায় বসতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের আগ্রহের প্রশংসা করেন তিনি। জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের প্রচলিত সম্মিলিত ছবি তোলার আয়োজনও বাতিল করা হয়। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, লাভরভের সাথে একই ছবিতে থাকতে আপত্তি জানান ইউরোপের কয়েকটি দেশের কর্মকর্তা। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর চার বছরের বেশি সময় পেরিয়ে গেলেও যুদ্ধ অব্যাহত রয়েছে। এ বছর জি-২০-এর অন্যান্য বৈঠকেও রুশ প্রতিনিধিদলের সাথে ছবি তুলতে অস্বীকৃতি জানিয়েছেন ইউরোপীয় নেতারা।
এক মার্কিন কর্মকর্তা জানান, আনুষ্ঠানিক ছবি তোলার আয়োজন বাতিল করা হয়েছে, যাতে ‘একটি আনুষ্ঠানিক ছবি তোলার সুযোগ কূটনৈতিক মনোযোগ অন্য দিকে সরিয়ে দেয়ার কারণ না হয়’।

Advertisement