মিঠুন ও সোহানের সেঞ্চুরি

 ক্রীড়া প্রতিবেদক
জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের প্রথম দিনে মাঠে গড়িয়েছে তিনটি ম্যাচ। তবে সেঞ্চুরি মাত্র দু’টি। দুটিই আবার একই দলের হয়ে। খুলনার হয়ে তিন অঙ্ক ছুঁয়েছেন মোহাম্মদ মিঠুন ও নুরুল হাসান। রাজশাহীতে অবশ্য আউটফিল্ডের ভেজা থাকার কারণে শুরুই হয়নি বরিশালের বিপক্ষে ঢাকার ম্যাচটি।
খুলনা বিভাগীয় স্টেডিয়াম গতকাল ময়মনসিংহের বিপক্ষে নুরুল হাসান ও মোহাম্মদ মিঠুনের সেঞ্চুরিতে আট উইকেটে ২২০ রান করে প্রথম দিন শেষ করেছে খুলনা। প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের ১৭তম সেঞ্চুরি পাওয়া মিঠুন ১৬৯ বলে ১২ চার ও ৫ ছক্কায় ১১৯ রান করে আউট হন। তবে ১৮০ বলে ১০৪ রান করে অপরাজিত ছিলেন নুরুল। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার ১৩তম সেঞ্চুরি। এ ছাড়া দলের আর কোনো ব্যাটার ২০ রানও করতে পারেননি। ময়মনসিংহের পেসার ইয়াসিন আরাফাত নিয়েছেন চার উইকেট।
বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিলেটকে ২১৮ রানে অলআউট করেছে চট্টগ্রাম। সিলেটের হয়ে ফিফটি পেয়েছেন শুধু আশরাফুল হাসান। তিনি করেছেন ৫১ রান। জাতীয় দলের হয়ে এক টেস্ট খেলা বাঁহাতি স্পিনার হাসান মুরাদ নেন চার উইকেট। ব্যাটিংয়েও শুরুটা মন্দ হয়নি চট্টগ্রামের। ৬৪ রানের উদ্বোধনী জুটি পেয়েছিল তারা। তবে দিন শেষ হওয়ার এক বল আগে আউট হয়ে গেছেন ওপেনার সাদিকুর রহমান। ৩৫ রানে অপরাজিত আছেন মাহমুদুল হাসান।
বগুড়া অফিস জানায়, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ২৮তম জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) চার দিনের ম্যাচের প্রথম দিন খুঁড়িয়ে খুঁড়িয়ে পার করেছে রাজশাহী বিভাগ। মাত্র ৬৩ রানে প্রথম সারির ছয় ব্যাটসম্যানকে হারিয়ে দিশেহারা রাজশাহীকে একাই টেনে নিয়ে যাচ্ছেন ছয় নম্বরে ব্যাট করতে নামা মেহেরব হাসান। প্রথম দিন শেষে রাজশাহীর সংগ্রহ ৬ উইকেটে ১৫৫ রান। ৮২ রানে অপরাজিত আছেন মেহেরব।

Advertisement