বরফ সঙ্কটে পচছে ইলিশ ফেলা হচ্ছে নদীতে
বরফের অভাবে পচে যাওয়া ইলিশ ফেলা হয়েছে নদীতে : নয়া দিগন্ত।

চরফ্যাসন (ভোলা) সংবাদদাতা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভোলার চরফ্যাসনের মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছ শিকারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, মেঘনা ও তেঁতুলিয়া নদীতে নিয়মিত টহল জোরদার না থাকায় জেলেরা মাছ শিকার করে। এ দিকে মাছ সংরক্ষণের জন্য পর্যাপ্ত বরফ না পেয়ে সেই মাছ পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। সেই পচা মাছ ফেলা হচ্ছে  নদীতে। বর্তমানে মেঘনার সামরাজ ঘাট এলাকায় পচা ইলিশসহ বিভিন্ন মাছ ভাসতে দেখেছেন স্থানীয়রা।
গতকাল শনিবার সকালে সামরাজ ঘাটে সরেজমিন নদীর পাড়ে ও পানিতে শত শত মরা, পচা মাছ ভাসতে দেখা যায়। দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন ঘাটে আসা জেলে ও স্থানীয়রা।
স্থানীয় জেলেরা জানান, নিষেধাজ্ঞার সময় গোপনে অনেকেই নদীতে নেমেছিলেন। প্রচুর মাছ ধরা পড়লেও বরফ সঙ্কট ও সংরক্ষণের ব্যবস্থা না থাকায় মাছগুলো দ্রুত পচে যায়। এখন বাধ্য হয়ে তারা পচা মাছ নদীতে ফেলে দিচ্ছেন। সামরাজ ঘাটের জেলে রফিক মাঝি বলেন, বরফ ছাড়া মাছ বেশিক্ষণ ভালো থাকে না। অনেক মাছ ধরায় বিক্রি করতে না পেরে পচে গেছে, তাই নদীতে ফেলে দিয়েছি। পচা মাছ নদীতে ফেলায় পানি দূষিত হচ্ছে এবং নদীর জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।
চরফ্যাসন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। পচা মাছ নদীতে না ফেলার জন্য জেলেদের সচেতন করা হবে।

Advertisement