নাচোলে নজরুলের সৃষ্টিকর্ম নিয়ে সেমিনার, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিকর্মের ওপর সেমিনার, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার দুপুরে নাচোল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল উদ্দীন খান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউএনও প্রিয়াংকা দাস। স্বাগত বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মজনু মিঞা। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান। এ সময় শিক্ষক সাজেমান আলী ও তাজাম্মুল হকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন। বক্তারা তাদের বক্তব্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম, সাম্যবাদী চেতনা, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি নতুন প্রজন্মের কাছে নজরুলের জীবন, দর্শন ও সৃষ্টিকর্মের তাৎপর্য তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, মাদরাসা ও কারিগরি পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত বিষয়ভিত্তিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।

Advertisement