
নয়া দিগন্ত ডেস্ক
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শুক্রবার সকাল থেকে গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় আরো একজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৬৩৩ জন। এর মধ্যে ঢাকা মহানগরে ৩৮৫ জন এবং ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ২১৯ জন রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৮১, খুলনা বিভাগে ২২৮, রাজশাহী বিভাগে ১৪৯, বরিশাল বিভাগে ২৩৪, ময়মনসিংহ বিভাগে ৭০ ও রংপুর বিভাগে ৬৭ জনকে ভর্তি করা হয়েছে। গতকাল স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, চলতি বছরে গতকাল সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪১৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে শুধু অক্টোবর মাসেই মারা গেছেন ১৭৪ জন, যা এক মাসে সর্বোচ্চ।
এর আগে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দু’জন, মার্চ ও এপ্রিলে শূন্য, মে মাসে একজন ও জুনে ১৩ জন প্রাণ হারান। এরপর পরিস্থিতির অবনতি হতে থাকে। জুলাইয়ে ৩৬ জন এবং আগস্টে ৪৩ জন এবং সেপ্টেম্বরে ১৪৮ জন মারা যান।
চলতি বছর সারা দেশে মোট ভর্তি রোগীর সংখ্যা পৌঁছেছে এক লাখ ৩৫ হাজার জনে। তাদের মধ্যে এক লাখ ২৮ হাজার ৩৩৫ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ছয় হাজার ২৩৬ জন। এর মধ্যে ঢাকা মহানগরেই ভর্তি আছেন এক হাজার ৫১৮ জন।
সিলেটে আরো ২১ জন শনাক্ত
সিলেট ব্যুরো জানান, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরো ২১ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে এবছর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৭৭ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৭ জন। গতকাল এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো: মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় এই বিভাগে নতুন শনাক্ত ২১ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৯, জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে তিন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক, হবিগঞ্জ সদর হাসপাতালে দুই, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক ও সুনামগঞ্জ সদর হাসপাতালে চারজন রয়েছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








