
দেশের স্থাপত্য, ইন্টেরিয়র ডিজাইন, গবেষণা ও উদ্ভাবনে বিশেষ অবদানের স্বীকৃতি দিতে অনুষ্ঠিত হলো ‘আইএবি অ্যাওয়ার্ডস ২০২৫’। ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি) এবং এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেডের যৌথ উদ্যোগে গত বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার প্রদান করা হয়।
এবারের আয়োজনে স্থাপত্য নকশা, ইন্টেরিয়র এবং গবেষণা ও প্রকাশনাসহ বিভিন্ন বিভাগে ১০টি পুরস্কার ও ১০টি বিশেষ স্বীকৃতি দেয়া হয়। তবে আইএবির সর্বোচ্চ সম্মাননা ‘গোল্ড মেডেল’ এ বছর কাউকে দেয়া হয়নি।
স্থাপত্য বিভাগে একক আবাসিক ভবন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে ডিডব্লিউএম৪ আর্কিটেক্টসের ‘রিয়াজ রেসিডেন্স’। নকশা করেছেন স্থপতি মাহমুদুল আনোয়ার রিয়াদ, মামনুন মোর্শেদ চৌধুরী, শাওকি শামীম ও মো: ওবায়দুর রহমান রাজীব।
গবেষণা বিভাগে পুরস্কার পেয়েছেন স্থপতি মো: আশিকুর রহমান জোয়ার্দার। ‘সিটি অব ডিজায়ার’ বইয়ের জন্য প্রকাশনা (বই) ক্যাটাগরিতে পুরস্কৃত হন স্থপতি তানজিল শফিক। প্রকাশনা (প্রবন্ধ) ক্যাটাগরিতে যৌথভাবে পুরস্কৃত হয়েছেন স্থপতি কাজী ফাহিমা নাজ, মো: আশিকুর রহমান জোয়ার্দার, সুব্রত চন্দ্র শিকদার ও সাজিয়া শোয়েব।
ইন্টেরিয়র ডিজাইন বিভাগে আবাসিক ক্যাটাগরিতে জুবায়ের হাসান আর্কিটেক্টসের ‘কবিতা কুঞ্জ’ এবং সংস্কৃতি ও আসবাব নকশা ক্যাটাগরিতে ফ্রেমওয়ার্কের ‘স্যার ফজলে হাসান আবেদ নলেজ হাব’ সেরা নির্বাচিত হয়।
শিক্ষার্থীদের আইএবি থিসিস অ্যাওয়ার্ডসে প্রথম স্থান অর্জন করেন বুয়েটের মো: শাফায়েত বিন আলম। দ্বিতীয় ও তৃতীয় স্থান পান যথাক্রমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাবিলা নুসরাত এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের আজমাইন আরমিন প্রীতু।
অনুষ্ঠানে আইএবির প্রেসিডেন্ট অধ্যাপক ড. স্থপতি আবু সাঈদ এম আহমেদ ও জেনারেল সেক্রেটারি অধ্যাপক ড. স্থপতি মাসুদ উর রশীদ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এর আগে বক্তব্য দেন আইএবির ভাইস প্রেসিডেন্ট নওয়াজিশ মাহবুব, অ্যাওয়ার্ডস ডিরেক্টর অধ্যাপক ড. মো: নওরোজ ফাতেমি ও এশিয়ান পেইন্টসের হেড অব মার্কেটিং ইসতিয়াক আহমেদ। পরে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








