
খুলনা ব্যুরো
বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির আয়োজনে ১৬তম বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াড ২০২৭-এর প্রিলিমিনারি রাউন্ডের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল শনিবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েটের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। তিনি উপস্থিত শিক্ষার্থীদের অলিম্পিয়াডের শপথবাক্য পাঠ করান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বলেন, বিজ্ঞানচর্চার সূচনা হয় ‘কী’ এবং ‘কেন’- এই প্রশ্নগুলোর উত্তর অনুসন্ধানের মধ্য দিয়ে। কোনো বিষয় শুধু মুখস্থ করা নয়, বরং কেন ঘটছে, কীভাবে ঘটছে এবং এর পেছনের কারণ কী-তা জানার আগ্রহই একজন শিক্ষার্থীকে প্রকৃত বিজ্ঞানমনস্ক করে তোলে। রসায়ন আমাদের চারপাশের প্রকৃতি, পদার্থ এবং দৈনন্দিন জীবনের নানা পরিবর্তন সম্পর্কে জানতে ও বুঝতে শেখায়। তাই শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন করার সাহস, যুক্তিনির্ভর চিন্তাভাবনা এবং গবেষণার মানসিকতা গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অলিম্পিয়াডের কনভেনর এবং কুয়েটের সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ।
বিশেষ অতিথি ছিলেন কুয়েটের পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মো: হাসান আলী এবং খুলনার সরকারি এম. এম. সিটি কলেজের রসায়ন বিভাগের প্রফেসর শেখ মো: আব্দুল্লাহ্।
উল্লেখ্য, কুয়েটে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার প্রিলিমিনারি রাউন্ডে খুলনার বিভিন্ন কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর মোট ৪০৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এক ঘণ্টাব্যাপী এ পরীক্ষায় ৬০টি প্রশ্নের উত্তর দিতে হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ১০ জন করে মোট ২০ জনকে নির্বাচিত করে পুরস্কৃত করা হবে। এবারের কেমিস্ট্রি অলিম্পিয়াডের প্রিলিমিনারি রাউন্ড দেশের ১৫টি আঞ্চলিক পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








