
ক্রীড়া প্রতিবেদক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের তৃতীয় দিন শেষে বেশ চাপে বাংলাদেশ। প্রথম ইনিংসে ২৭ রানের লিড পেলেও দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছয় উইকেটে ৭৯ রান। সব মিলে লিড ১০৬ রান। হাতে রয়েছে মাত্র চার উইকেট। এমন পরিস্থিতিতে দলের হয়ে গতকাল সংবাদ সম্মেলনে এসেছিলেন নাঈম হাসান। সাংবাদিকদের সামনে আশার কথা শুনিয়েছেন তিনি। তার মূল লক্ষ্য, দ্বিতীয় ইনিংসে যতটা সম্ভব রান যোগ করে ওয়েস্ট ইন্ডিজকে অন্তত ২০০ রানের লক্ষ্য দেয়া। জাকের আলীর সাথে লম্বা জুটিও চান এই স্পিন বোলিং অলরাউন্ডার।
মিরপুরে গতকাল দিনের শুরুতে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন নাঈম। তার ঘূর্ণিতে ২৪৫ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস। ৩৩ রান খরচায় চার উইকেট শিকার করেন এই অফ স্পিনার। এর মধ্য দিয়ে টেস্ট ক্যারিয়ারে ৫০ উইকেটের মাইলফলকও স্পর্শ করেন তিনি। তবে বল হাতে সাফল্যের পর ব্যাটিংয়ে নেমে সতীর্থদের ব্যর্থতা দেখতে হয়েছে তাকে। ২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশ। মাত্র ৫৩ রানেই ছয় উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে দল। এমন পরিস্থিতিতে জাকের আলীকে সাথে নিয়ে দলের হাল ধরেছেন নাঈম। দু’জনই দিন শেষে ১৮ রান করে অপরাজিত ছিলেন। আর হার না মানা জুটিতে ইতোমধ্যে দলীয় স্কোরে যোগ করেছেন ২৬ রান।
সংবাদ সম্মেলনে নাঈম বলেন, কাল (আজ) দু’জন যতটা সম্ভব লম্বা সময় ব্যাটিং করতে চাই। আমরা চেষ্টা করব যত বেশি রান দিতে পারি। এখন আমি আর জাকের ভাই ব্যাটিং করছি। আমরা যদি লম্বা সময় খেলতে পারি, ইনশাআল্লাহ যত বেশি রান দিতে পারব, ততই আমাদের জন্য ভালো হবে। ২০০ রান হলে খুবই ভালো হবে- চেষ্টা থাকবে আরো বেশি করার।’
ব্যাটিং ও বোলিংয়ের দায়িত্ব নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেছেন নাঈম। তার মতে, যখন হাতে বল থাকে, তখন তিনি বোলার। আর ব্যাট হাতে থাকলে ব্যাটার। দলের প্রয়োজনে নিজের দায়িত্ব পালন করাই এখন আসল লক্ষ্য নাঈমের।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








