
ক্রীড়া ডেস্ক
বয়স ৪১ পেরিয়েছে। কিন্তু গোলের ক্ষুধা একটুও কমেনি। ইতিহাস গড়ার পথে বড় লাফ দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে আল খুলুদের বিপক্ষে মাত্র ১৫ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক করেছেন তিনি। তাতে আল নাসর পেয়েছে ৫-৩ গোলের বড় জয়। একই সাথে ক্যারিয়ারের গোলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৮৫-এ। আর এ হ্যাটট্রিকটি ছিল রোনালদোর ক্যারিয়ারের ৬৭তম।
আল আউয়াল পার্কে গত পরশু ম্যাচের শুরুটা অবশ্য পক্ষে ছিল না আল নাসরের। ১৬ মিনিটে জুলিয়েন ডোমিঙ্গেসের গোলে এগিয়ে যায় আল খুলুদ। আট মিনিট পর অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েলের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। ৩৮ মিনিটে এবার সাদিও মানের গোলে এগিয়েও যায় বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। তবে প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে খুলুদকে গোল করে সমতা ফেরান লোইক এসোম্বা। ফলে বিরতিতে দুই দলের স্কোর ছিল ২-২।
দ্বিতীয়ার্ধে শুরু হয় রোনালদো-ঝড়। ৬৬ মিনিটে জোয়াও ফেলিক্সের পাস থেকে গোল করে আল নাসরকে এগিয়ে দেন পর্তুগিজ মহাতারকা। ছয় মিনিট পর ফেলিক্সের ক্রস থেকেই হেডে ব্যবধান ৪-২ করেন আল নাসর অধিনায়ক। ৮১ মিনিটে এবার সাদিও মানের সহায়তায় নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন রোনালদো। নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে পেনাল্টি থেকে ডোমিঙ্গেস আরো একটি গোল শোধ করলেও বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর।
ম্যাচের ১৫ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করলেন রোনালদো। সে সুবাদে ক্যারিয়ারে ৬৭টি হ্যাটট্রিকের মালিক হলেন সিআর সেভেন। যার মধ্যে রিয়াল মাদ্রিদের হয়ে ৪৪টি, পর্তুগালের হয়ে ১০টি, আল নাসরের হয়ে ৭টি, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ৩টি এবং জুভেন্টাসের হয়ে ৩টি হ্যাটট্রিক করেছেন তিনি। হাজার গোলের মাইলফলক লক্ষ্য নিয়ে ছুটতে চলা রোনালদো এখন ৯৮৫টি গোল নিয়ে ইতিহাস থেকে মাত্র ১৫ গোল দূরে তিনি। ফুটবল ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এ কীর্তি গড়ার হাতছানি এখন তার সামনে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








