কুমিল্লায় কিশোরকণ্ঠের বৃত্তি পরীক্ষায় সাড়ে ৩ হাজার শিক্ষার্থী

 কুমিল্লা প্রতিনিধি 

Advertisement

কুমিল্লায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬। গতকাল শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত এ পরীক্ষায় জেলার ১৬৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থী অংশ নেয়।
পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে নগরীর তিনটি কেন্দ্রে এ আয়োজন করা হয়। কেন্দ্রগুলো হলো কুমিল্লা হাইস্কুল, কুমিল্লা জিলা স্কুল ও নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শফিকুল আলম হেলাল। এ সময় উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম কুমিল্লা মহানগরের চেয়ারম্যান নাজমুল হাসান পঞ্চায়েত, ভাইস চেয়ারম্যান ডা: কাজী আকিব আবদুল্লাহসহ সংগঠনের অন্যান্য উপদেষ্টা।
পরিদর্শনকালে অতিথিরা বলেন, শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশে এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পড়াশোনায় উৎসাহ প্রদান এবং মেধার যথাযথ মূল্যায়নের মাধ্যমে যোগ্য ও দক্ষ প্রজন্ম গড়ে তুলতে এ আয়োজন সহায়ক হবে।