আকস্মিক বৃষ্টিতে ডুবল কুষ্টিয়া শহরের নিম্নাঞ্চল

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া শহরে আকস্মিক আধা ঘণ্টার বৃষ্টিতে বিভিন্ন এলাকার নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গতকাল শুক্রবার দুপুর আড়াইটার দিকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টিতে তলিয়ে যায় সড়ক ও অলিগলি। এ সময় ড্রেন উপচে ময়লা-আবর্জনা সড়কে ছড়িয়ে পড়ায় দুর্গন্ধের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।
শহরের থানাপাড়া, আড়ুয়াপাড়া, কোর্টপাড়া, হাউজিং, কুঠিপাড়া ও গড়াই নদীসংলগ্ন এলাকাসহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দেয়। থানাপাড়া এসিএম সড়ক এবং চরণ মুখার্জি সড়কের পূর্ব পাশের চন্দ্রভেলা থেকে ছয় রাস্তার মোড় পর্যন্ত কয়েকটি স্থানে হাঁটুপানি জমে যায়।
বৃষ্টির পানিতে ড্রেন পূর্ণ হয়ে উপচে পড়ায় সড়কের পাশে জমে থাকা ময়লা-আবর্জনা পানির সাথে ভেসে আশপাশের সড়ক ও বাড়িঘরের সামনে ছড়িয়ে পড়ে। বৃষ্টি থামার পরও বিভিন্ন সড়কে পানি জমে থাকায় পথচারীদের হাঁটুপানি মাড়িয়ে চলাচল করতে হয়। জলাবদ্ধতার কারণে মোটরসাইকেল, অটোরিকশা ও রিকশা চলাচল ব্যাহত হয়। কোথাও কোথাও যানবাহনের স্ট্যান্ডের স্বাভাবিক কার্যক্রমও বিঘিœত হয়।
স্থানীয়দের অভিযোগ, নিয়মিত ড্রেন পরিষ্কার না করা, সড়কের পাশের বর্জ্য অপসারণে অবহেলা এবং অপর্যাপ্ত পানি নিষ্কাশনব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হচ্ছে। এর সাথে ময়লা-আবর্জনা ছড়িয়ে পড়ায় পরিবেশও দূষিত হচ্ছে।

Advertisement