শেরেবাংলার বড় অর্জন লাহোর প্রস্তাব ও ঋণ সালিসি বোর্ড গঠন : আনোয়ার হোসেন আবুড়ী

 

Advertisement

শেরেবাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মুসলিম লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল আয়োজিত আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন আবুড়ী বলেছেন, ১৯৪০ সালের ঐতিহাসিক লাহোর প্রস্তাব এবং ১৯৩৮ সালে ঋণ সালিসি বোর্ড গঠনের মাধ্যমে বাংলার কৃষকদের স্বার্থ রক্ষায় শেরেবাংলা এ কে ফজলুল হক অসামান্য অবদান রেখেছেন। এসব অবদানের জন্য বাংলার মানুষ তাকে চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মোহাম্মদ আনোয়ার হোসেন আবুড়ী বলেন, অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী থাকাকালে ঋণ সালিসি বোর্ড গঠনের মাধ্যমে শেরেবাংলা ঋণগ্রস্ত কৃষকদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার উদ্যোগ বাংলার কৃষকদের অধিকার প্রতিষ্ঠায় বিশেষ অবদান রেখেছে।  ১৯৪০ সালে লাহোরে নিখিল ভারত মুসলিম লীগের অধিবেশনে শেরেবাংলা এ কে ফজলুল হকের উপস্থিতি ও জনপ্রিয়তার প্রসঙ্গ তুলে ধরে আনোয়ার হোসেন আবুড়ী বলেন, শেরেবাংলা ছিলেন গণমানুষের নেতা। তার ব্যক্তিত্ব ও জনপ্রিয়তা ছিল অসাধারণ। তিনি অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী, পূর্ব পাকিস্তানের গভর্নর, মুসলিম লীগ সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। কৃষক-প্রজার অধিকার প্রতিষ্ঠা ও বাংলার রাজনৈতিক ইতিহাসে তার অবদান অনস্বীকার্য। 
আলোচনা সভায় আরো বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নেতা তারেক জমির সজীব, সাংগঠনিক সম্পাদক এস আই ইসলাম মিলন, অ্যাডভোকেট মোহাম্মদ জসিমউদ্দিন, সহসভাপতি শেখ আব্দুল কাইয়ুম, মহিলা মুসলিম লীগের সভানেত্রী ডা. হাজেরা বেগম, অ্যাডভোকেট আবু সাইদ মোল্লা, অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেন, দপ্তর সম্পাদক খন্দকার জিল্লুর রহমান, কেন্দ্রীয় নেতা আবদুল খালেক, খন্দকার জিয়াউদ্দিন এবং ঢাকা মহানগরীর নেতা মোহাম্মদ হামিম নাজমীসহ অন্য নেতারা। আলোচনা সভা শেষে শেরেবাংলা এ কে ফজলুল হকের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। বিজ্ঞপ্তি।