মধ্যপ্রাচ্যের চলমান সঙ্ঘাত শ্রমবাজার ও রেমিট্যান্সে নেতিবাচক প্রভাব ফেলবে : সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির
ডিবেট ফর ডেমোক্র্যাসি আয়োজিত ছায়া সংসদে বিজয়ীদের ট্রফি বিতরণ করেন অতিথিরা : নয়া দিগন্ত।


মধ্যপ্রাচ্যসহ সৌদি আরবের চলমান সঙ্ঘাত দীর্ঘায়িত হলে আমাদের শ্রমবাজার ও রেমিট্যান্সে নেতিবাচক প্রভাব পড়বে । পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক যে মক্কা চুক্তি করেছে তা একান্তই তাদের নিজ নিজ নিরাপত্তার স্বার্থে। মুসলিম বিশ^কে ঐক্যবদ্ধ করার জন্য যে কাঠামো দরকার মক্কা চুক্তিতে তা আছে বলে মনে হয় না। গতকাল এফডিসিতে আয়োজিত ছায়া সংসদে সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্র্যাসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। হুমায়ুন কবির আরো বলেন, এ চুক্তিতে মুসলিম বিশে^র স্বার্থ কতটা সুরক্ষিত হবে তা অনিশ্চিত। বাংলাদেশ ভবিষ্যতে মক্কা চুক্তিতে যাবে কি না তা কঠিন সিদ্ধান্তের বিষয়। কোনো ভাবাবেগ নয় বরং গভীর চিন্তার মাধ্যমে সে সিদ্ধান্ত নিতে হবে। প্রয়োজনে মক্কা চুক্তি না করে সৌদি আরবের সাথে দ্বিপক্ষীয় উপায়েও সৈন্য পাঠানো যেতে পারে। তিনি বলেন, বাংলাদেশ মক্কা চুক্তিতে যুক্ত হলে ভারত, ইসরাইল, ইউএই মিলে আরেকটি অক্ষশক্তি তৈরি হওয়ার শঙ্কা রয়েছে। এতে দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা, স্থিতিশীলতা ও অর্থনৈতিক পরিবেশ বিঘিœত হতে পারে। সম্প্রতি সৌদি আরবের সাথে হাউছিদের যে সঙ্ঘাত তা পরিস্থিতিকে আরো জটিলতর করেছে। হাউছিদের ক্ষতিপূরণ ও পারষ্পরিক সম্মান প্রদানের মাধ্যমেই এ সঙ্ঘাত নিরসন সম্ভব হতে পারে। 
সভাপতির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বর্তমানে মুসলিম বিশ্ব এক চরম সঙ্কটের মধ্য দিয়ে অতিবাহিত করছে। ফিলিস্তিন, কাশ্মির, রোহিঙ্গা থেকে শুরু করে বিশ্বের নানা প্রান্তে মুসলমানরা নির্যাতিত, বাস্তুচ্যুত এবং অধিকারবঞ্চিত। অভ্যন্তরীণ কোন্দল, শিয়া-সুন্নি সঙ্ঘাত, রাজনৈতিক অস্থিতিশীলতা এবং ইসলামবিদ্বেষীদের সন্ত্রাসী তকমা আজ মুসলমানদের নাজুক করে দিচ্ছে। ওআইসি, জিসিসি, আইএমসিটিসি’র মতো সংস্থাগুলো আজ অকার্যকর। ইসলামবিদ্বেষীরা মুসলমানদের অনৈক্য ও অভ্যন্তরীণ কোন্দলের সুযোগে ইসলামোফোবিয়া তৈরি করছে, যা ইসলাম বিরোধীরা হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তিনি বলেন, এমন এক ক্রান্তিকালে মুসলিম বিশ্বের সঙ্কট নিরসনে ‘মক্কা চুক্তি’ কতটুকু কার্যকর ভূমিকা রাখতে পারে তা দেখার বিষয়। মক্কা চুক্তির প্রতি বাংলাদেশের ইতিবাচক মনোভাবকে কাজে লাগিয়ে শ্রমবাজার সম্প্রসারণ, সৌদি বিনিয়োগ, রোহিঙ্গা সঙ্কট সমাধানসহ আমরা কিভাবে আমাদের স্বার্থ সুরক্ষা হবে তা দেখতে হবে। 
‘মুসলিম বিশ্বের বিদ্যমান সঙ্কট নিরসনে মক্কা চুক্তি কার্যকর ভূমিকা রাখতে পারবে’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দল কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের বিতার্কিকদের পরাজিত করে বিরোধী দল আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহের বিতার্কিকরা বিজয়ী হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, সাংবাদিক মাঈনুল আলম, সাংবাদিক এ কে এম মঈনুদ্দিন, সাংবাদিক ইমরুল কায়েস ও সাংবাদিক শাতিলা শারমিন। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। বিজ্ঞপ্তি।

Advertisement