গলাচিপায় ট্রান্সমিটার চুরির অভিযোগে গণ অধিকার নেতা আটক

 গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা
পটুয়াখালীর গলাচিপায় বিদ্যুতের ট্রান্সমিটার চুরির অভিযোগে গণ অধিকার পরিষদের গোলখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য মনির মীরকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার নলুয়াবাগী গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। গত এক বছরে উপজেলায় ৬০ থেকে ৬৫টি ট্রান্সমিটার চুরির অভিযোগ পাওয়া গেছে।
মনির মীর পূর্ব গোলখালী গ্রামের আবদুল কাদের মীরের ছেলে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে কয়েকজন জেলে নলুয়াবাগী গ্রামের একটি সড়ক দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তিকে ট্রান্সমিটার চুরির চেষ্টা করতে দেখেন। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে পূর্ব-দক্ষিণ নলুয়াবাগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে যান। শুক্রবার সকালে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
পল্লী বিদ্যুতের জুলেখা বাজার অভিযোগ কেন্দ্রের জুনিয়র ইনচার্জ সৈয়দ আবদুল হান্নান জানান, মনির মীরকে আটকের সময় তার কাছ থেকে রেঞ্জ, প্লাস, রড, কাটিং প্লাস ও মিনি রোলকাটার উদ্ধার করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় ইউপি সদস্য বাবুল মিয়া বলেন, গত দুই মাসে গোলখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে চার-পাঁচটি ট্রান্সমিটার চুরির ঘটনা ঘটেছে। উত্তর পক্ষীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান মিল্টন জানান, দেড় মাস আগে নতুন গ্রাম এলাকায় একটি ট্রান্সমিটার চুরি হয়। এতে প্রায় ২৫টি পরিবার এক সপ্তাহ বিদ্যুৎবিহীন ছিল।

Advertisement