দেবীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি
দেবীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি : নয়া দিগন্ত।

দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা

Advertisement

পঞ্চগড়ের দেবীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে দেবীগঞ্জ উপজেলা শাখা ও পৌর যুবদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে বিজয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক কবুতর উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে বিজয় চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ ফরহাদ হোসেন আজাদ।
উপজেলা যুবদলের আহ্বায়ক মো: মুশফিকুর রহমান রাজুর সভাপতিত্বে এবং সদস্যসচিব মো: রোকনুজ্জামান সুমন ও পৌর যুবদলের সভাপতি মো: শাহিনুর রহমান গুড্ডুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথিরা বক্তব্য রাখেন। এ সময় দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনী বসুনিয়া, সাধারণ সম্পাদক মো: আবুল হোসেন তোবারক হ্যাপি, পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা যুবদলের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য ও রাজনৈতিক সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরে সংগঠনকে আরো শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।