শিক্ষকতা ও গানে সমানতালে এগিয়ে মিতু
শিক্ষকতা ও গানে সমানতালে এগিয়ে মিতু।

বিনোদন ডেস্ক
যমুনা পারের মেয়ে এই প্রজন্মের শ্রোতাপ্রিয় ফোক ঘরানার শিল্পী কানিজ খন্দকার মিতু। একসময় রাজধানীর উত্তরার রাজউক কলেজে শিক্ষকতা করতেন। সেখানে টানা তিন বছর শিক্ষকতা শেষে গেল দুই বছর যাবত উত্তরার ১২ নম্বর সেক্টরে অবস্থিত ‘রবীন্দ্র সৃজনকলা বিশ^বিদ্যালয়’র সঙ্গীত বিভাগের শিক্ষক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। এরই মধ্যে গত আগস্টের শেষের দিকে সহকারী প্রক্টর হিসেবেও দায়িত্ব পালন করছেন। সব মিলিয়ে শিক্ষকতা পেশায় ভীষণ ব্যস্ত সময় পার করছেন। তবে শিক্ষকতা যেহেতু গানেরই তাই গান নিয়েও তিনি ভীষণ ব্যস্ত সময় কাটান সবসময়। বলা যায় শিক্ষকতা এবং গান সমানতালেই এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। একজন সঙ্গীত বিভাগের নিবেদিত, আন্তরিক এবং মেধাবী শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের কাছে বেশ সম্মানিত মিতু। আবার একজন সঙ্গীতশিল্পী বিশেষত ফোক ঘরানার সঙ্গীতশিল্পী হিসেবেও তিনি শ্রোতা দর্শকের কাছে ভীষণ সমাদৃত। মিতু জানালেন, এই সময়ে বিশ^বিদ্যালয়ে তার উপর অর্পিত দায়িত্বটাই যথাযথভাবে তিনি পালন করতে চান। যে কারণে নিজের মধ্যে একটু চাপ অনুভব করছেন তিনি। কারণ ছোটবেলা থেকেই তিনি তার উপর যেকোনো অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথেই পালন করার চেষ্টা করেন। এই বড় বেলায় এসেও ঠিক তাই। এরই মধ্যে বাংলাদেশ টেলিভিশনের আঞ্চলিক গানের অনুষ্ঠান ‘প্রাণের সুর’-এ গান গেয়েছেন মিতু। পাশাপাশি বাংলাদেশ বেতারের সরাসরি লোকগীতি গানের অনুষ্ঠানেও সঙ্গীত পরিবেশন করেছেন তিনি। মিতু জানান, এরই মধ্যে তিনি পারভেজ ও আকাশের সাথে দুটি মৌলিক গানও গেয়েছেন। গান দুটি শিগগিরই প্রকাশ পাবে। এই দুটি গান নিয়ে মিতু ভীষণ আশাবাদী। সবকিছুর পাশাপাশি তিনি রাজধানীর উত্তরাতে নিজ বাসাতেই গানে আগ্রহী শিক্ষার্থীদের ক্ল্যাসিক্যাল, ফোকসহ সব ধরনের গান শেখান প্রতি শুক্রবার সকালে। মিতু তার আগামীর স্বপ্ন নিয়ে বলেন, ‘এই মুহূর্তে আমি শিক্ষকতা পেশাকেই ভীষণ গুরুত্ব দিচ্ছি। আমি আমার দায়িত্বটুকু শতভাগ পালন করতে চাই। আর গান তো গেয়েই যাবো আজীবন। তবে আমার স্বপ্ন হচ্ছে বিলুপ্ত প্রায় ফোক গানগুলো নিয়ে কাজ করা, সামনে তুলে আনা। বিলুপ্ত প্রায় গানগুলো শ্রোতাদের সামনে নিয়ে আসতে চাই। এ ধরনের গানের প্রতি ভালোবাসা আছে এমন প্রযোজক পেলে সুবিধা হতো। জানি না কতদূর কী করতে পারব, তবে এটা আমার স্বপ্ন।  টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিনদাসী গ্রামের মেয়ে মিতুর তিন ভাই এক বোন। এদিকে গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ^বিদ্যালয়ের টিএসসিতে স্টেজ শোতে সঙ্গীত পরিবেশন করেন মিতু।

Advertisement