মার্কিন সামরিক বাজেট ৪০০ বিলিয়ন ডলার হ্রাসের পরিকল্পনা

আলজাজিরা
ইরানের সাথে সামরিক সঙ্ঘাতে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ ব্যবহারের পর এবার বাজেট হ্রাসের বড় ধরনের অর্থনৈতিক চাপে পড়েছে মার্কিন প্রতিরক্ষা দফতর। পেন্টাগনের হিসাব অনুযায়ী, সাম্প্রতিক ওই দ্বন্দ্বে দেশটির সামরিক বাহিনীর অন্তত সাতচল্লিশ বিলিয়ন ডলার সমমূল্যের সমরাস্ত্র খরচ হয়েছে। এই বিশাল ব্যয়ের কারণে অস্ত্রভাণ্ডার দ্রুত পুনঃপূরণের তাগিদ তৈরি হলেও, এর মধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত প্রতিরক্ষা বাজেট থেকে চার শ’ বিলিয়ন ডলার পর্যন্ত কমানোর একটি রূপরেখা তৈরি করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত দেড় ট্রিলিয়ন বা এক লাখ পঞ্চাশ হাজার কোটি ডলারের সামরিক বাজেট কমিয়ে এক লাখ দশ হাজার কোটি ডলারে নামিয়ে আনার পরিকল্পনা চলছে। পেন্টাগন ও মার্কিন কংগ্রেসের বাজেটবিষয়ক কমিটিগুলো যৌথভাবে এই নতুন পরিকল্পনা বাস্তবায়নের কাজ করছে। এর ফলে ইরান যুদ্ধে নিঃশেষ হওয়া অস্ত্র ও গোলাবারুদের মজুদ নতুন করে পূর্ণ করার প্রক্রিয়া মারাত্মকভাবে ধীরগতির হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রতিরক্ষা খাতের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। ট্রাম্পের এই বাজেট ছাঁটাইয়ের প্রস্তাব নিয়ে তার নিজ দল রিপাবলিকান পার্টির আইনপ্রণেতাদের মধ্যেই গভীর মতবিরোধ ও দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। বিশ্লেষকদের মতে, বাজেটের আকার উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস করা হলে নতুন সামরিক কর্মসূচিগুলো সময়মতো বাস্তবায়ন করা অসম্ভব হয়ে পড়বে এবং অত্যাধুনিক অস্ত্র কেনার সামগ্রিক কার্যক্রম ব্যাহত হবে।

Advertisement